এমএফএসের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি
দেশের প্রতিটি প্রান্তে বিকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে আনুষ্ঠানিক আর্থিক সেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাত। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা, জরিপ ও প্রতিবেদনে যার স্বীকৃতি রয়েছে। আর বৃহত্তম এবং প্রভাব বিস্তারকারী এমএফএস প্রতিষ্ঠান হিসেবে এ ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে বিকাশ।
ব্যাংকিং সেবার বাইরে থাকা, সুবিধাবঞ্চিত এবং এমনকি ব্যাংকিং সেবার আওতায় থাকা জনগোষ্ঠীর টেকসই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক কাঠামোর অধীনে ২০১১ সালে বিকাশ যাত্রা শুরু করে। আর্থিক অন্তর্ভুক্তিকে নিজের ডিএনএতে ধারণ করে বিকাশ ৮ কোটি ৫০ লাখের বেশি নিবন্ধিত ও ভেরিফায়েড গ্রাহকের জন্য আর্থিক সেবা গ্রহণের নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা দেশে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের ৭ জনকে সেবা পৌঁছে দিচ্ছে। ফলে বিকাশ হয়ে উঠেছে দেশের প্রতিটি পরিবারের সদস্য।
গত দেড় দশকে বিকাশ ধারাবাহিকভাবে একটি সমন্বিত আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলেছে, যা বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। সহজ ও নিরাপদ আর্থিক সেবা প্রদানের মধ্য দিয়ে বিকাশ কোটি কোটি মানুষের জন্য আর্থিক সেবা গ্রহণের অধিকার নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিকাশের প্ল্যাটফর্ম থেকে ২০০টির বেশি পণ্য ও সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালে শুধু এমএফএস প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই প্রায় ১৮ লাখ ৭৩ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ১৩২ কোটি টাকা। এই লেনদেনে বিকাশের উল্ল্যেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। ইউটিলিটি বিল পরিশোধ সেবার পরিসর বাড়ানো, ব্যাংক ও কার্ড থেকে বিকাশে টাকা আনা ও পাঠানোসহ বিভিন্ন আর্থিক সেবা সহজে গ্রহণের সুযোগ তৈরির জন্য একটি ইকোসিস্টেম গড়ে তুলেছে বিকাশ।
প্রযুক্তিগত উদ্ভাবনে নিরবচ্ছিন্ন বিনিয়োগ, ডিজিটাল সাক্ষরতা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালন এবং গ্রাহককেন্দ্রিক সেবার ওপর গুরুত্ব আরোপের মাধ্যমে বিকাশ আর্থিক লেনদেনের একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যা ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক কৃষক থেকে শুরু করে শহরের করপোরেট নির্বাহী পর্যন্ত সব শ্রেণির মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে একটি শক্তিশালী ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বিকাশ স্বনামধন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও যৌথভাবে কাজ করছে।
আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশের ধারাবাহিক উদ্যোগ রয়েছে। সংক্ষেপে কিছু মৌলিক কার্যক্রম এখানে তুলে ধরা হলো:
হাতের মুঠোয় ব্যাংকিং সেবা
সাধারণ বা স্মার্টফোনকে একটি নিরাপদ আর্থিক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করে বিকাশ দেশের
সাড়ে ৮ কোটি বা দুই-তৃতীয়াংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এনেছে।
কাগজপত্র ছাড়াই সঞ্চয়ের সুযোগ
ব্যাংকে না গিয়ে এবং কোনো জটিল কাগজপত্র ছাড়াই গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ৬টি বাণিজ্যিক ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ৭৮ লাখের বেশি ডিপিএস ও এফডিআর খুলেছেন। বিকাশ অ্যাপে ঢুকে যে কোনো সময় এসব স্কিমে সঞ্চয় করা যায়।
জামানতবিহীন তাৎক্ষণিক ডিজিটাল ঋণ
জামানত ছাড়াই গ্রাহকের লেনদেনের ধরন বিশ্লেষণ করে বিকাশ ৫০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ডিজিটাল ঋণ দিচ্ছে। জরুরি প্রয়োজন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তায় গ্রাহকরা এখন পর্যন্ত ১০ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন, যেখানে খেলাপি ঋণের হার নগণ্য। এই ঋণ দিনের দিনও পরিশোধ করা যায়।
নারীর আর্থিক ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা
আর্থিক সেবায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বিকাশ সরাসরি ভূমিকা রাখছে। অ্যাপের মাধ্যমে খোলা মোট ডিপিএসের ৩০ শতাংশের বেশি গ্রাহক নারী এবং ডিজিটাল ঋণের ২৫ শতাংশ গ্রহীতা নারী। তৈরি পোশাক খাতের ১০ লাখের বেশি শ্রমিক, যাদের বড় অংশই নারী, তারা বেতন নেন বিকাশ অ্যাকউন্টে। বেতনের টাকা থেকে অনেকে বিকাশ অ্যাপের মাধ্যমেই ডিপিএস খুলছেন।
‘মানব এটিএম’ বা এজেন্ট নেটওয়ার্ক
দেশজুড়ে সাড়ে তিন লাখের বেশি এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি প্রান্তে ‘হিউম্যান এটিএম’ হিসেবে কাজ করছে, যা ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় নগদ টাকা জমা ও উত্তোলনসহ আরও বেশ কিছু আর্থিক সেবা পৌঁছে দিয়েছে।
ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা বিকাশ
বাংলা কিউআর, আন্তঃলেনদেন সুবিধা এবং সহজ মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিকাশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ই-কমার্স এবং এফ-কমার্স ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতির মূলধারায়
যুক্ত করেছে।
বৈধ পথে প্রবাসীর রেমিট্যান্স প্রবাহ
প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মুহূর্তেই দেশে থাকা স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে।
ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ: মোবাইল ফোনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধ সুবিধাও রয়েছে বিকাশের। এতে করে ঋণগ্রহীতাদের মাঠকর্মীদের জন্য অপেক্ষা করতে হয় না। ঋণগ্রহীতারা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে পেমেন্ট করতে পারছেন।
প্রযুক্তিনির্ভর অবকাঠামো: সম্পূর্ণ দেশীয় প্রকৌশলী ও কর্মীদের মেধায় নির্মিত এই প্ল্যাটফর্ম ভৌগোলিক অবস্থান বা আয়ের সীমাবদ্ধতা দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্যাশলেস বা নগদবিহীন জীবনযাত্রায় অভ্যস্ত করে তুলছে।
- বিষয় :
- বিকাশ