ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কর্মসংস্থান বাড়াতে বদলাতে হবে উন্নয়ন কৌশল

কর্মসংস্থান বাড়াতে বদলাতে হবে উন্নয়ন কৌশল
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

বিশ্ব অর্থনীতিতে উন্নয়নের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। একসময় রপ্তানিমুখী শিল্পায়নকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হতো। কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্পনির্ভর অর্থনীতিতে রূপান্তর ঘটিয়ে অনেক দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে। কিন্তু বিশ্ববাণিজ্যে পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, প্রযুক্তির অগ্রগতি এবং শিল্পে যন্ত্রনির্ভরতা বাড়ায় সেই পুরোনো কৌশল এখন আর আগের মতো কার্যকর থাকছে না। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও আয় বাড়াতে নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করা প্রয়োজন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাময়িকী ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর সেপ্টেম্বর-২০২৬ সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে এমন বাস্তবতার কথা তুলে ধরেছেন তিন অর্থনীতিবিদ। তাদের মতে, ভবিষ্যতের উন্নয়ন কৌশলে শুধু বড় শিল্পপ্রতিষ্ঠান, রপ্তানি কিংবা আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদনের ওপর নির্ভর করলে চলবে না। বরং স্থানীয় বাজারভিত্তিক সেবা খাত, ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, খাবারের ব্যবসা, গৃহস্থালি সেবা এবং অনানুষ্ঠানিক খাতের কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

‘দ্য ফিউচার অব ইকোনমিক ডেভেলপমেন্ট উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম ইটস পাস্ট’ শিরোনামের নিবন্ধটির লেখক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক গর্ডন হ্যানসন, ড্যানি রডরিক ও রোহান সান্ধু। তাদের যুক্তি, উন্নয়নের লক্ষ্য আগের মতোই থাকবে– মানুষের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং ভালো আয়ের সুযোগ তৈরি করা। তবে সেই লক্ষ্য অর্জনের পথ বদলাতে হবে।
নিবন্ধে উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ কর্মসংস্থানের ধরন নিয়ে একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে। লেখকদের প্রক্ষেপণ অনুযায়ী, আগামী এক দশকে এসব দেশের শ্রমশক্তির দুই-তৃতীয়াংশের মতো মানুষ এমন পেশায় নিয়োজিত থাকবেন, যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার প্রয়োজন হবে না এবং কাজগুলো সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকবে না। এ ধরনের কাজের মধ্যে রয়েছে রাস্তার দোকানদারি, গৃহস্থালি সেবা, খাবারের ব্যবসা, ছোটখাটো উদ্যোগ এবং জীবিকানির্ভর কৃষিকাজ।

লেখকদের হিসাব অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর তিন-চতুর্থাংশের বেশি কর্মজীবী মানুষ এমন পেশায় থাকবেন, যেগুলো আন্তর্জাতিক বাণিজ্য বা বিদেশে কাজ স্থানান্তরের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অর্থাৎ অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করবে নিজ দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর।
এখানেই উন্নয়ন কৌশলের বড় পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখছেন তারা। প্রচলিত শিক্ষা এবং রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের জন্য ভালো কর্মসংস্থান তৈরি করা কঠিন হয়ে পড়ছে। কারণ, আধুনিক শিল্পে উৎপাদন বাড়লেও প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির কারণে তুলনামূলক কম শ্রমিকের প্রয়োজন হচ্ছে। ফলে শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়লেও তার সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
তবে এর অর্থ শিল্পায়নের গুরুত্ব কমে গেছে, এমন নয়। লেখকদের মতে, শিল্প খাত প্রযুক্তির বিস্তার, দক্ষতা অর্জন, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু শিল্পায়নকে একমাত্র উন্নয়ন কৌশল হিসেবে দেখার সময় শেষ হয়ে আসছে। উৎপাদনশীলতা বাড়াতে হবে সেই খাতেও, যেখানে অধিকাংশ মানুষের কর্মসংস্থান।

ক্ষুদ্র ব্যবসায় উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ
লেখকদের মতে, স্থানীয় সেবা খাতের অধিকাংশ প্রতিষ্ঠান ছোট। এসব প্রতিষ্ঠান অনেকটির পুঁজি, প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও বাজার-সংযোগ সীমিত। ফলে তারা ব্যবসা পরিচালনা করলেও উৎপাদনশীলতা বাড়াতে পারে না। এ অবস্থায় সরকারকে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সক্ষমতা বৃদ্ধিতে নীতিগত সহায়তা দিতে হবে।
এ ক্ষেত্রে বড় কোম্পানিগুলোকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো তাদের মাধ্যমে পণ্য বিক্রি করা ছোট দোকান, খাবারের ব্যবসা এবং গিগ বা কাজভিত্তিক কর্মীদের বিপণন ও প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। একইভাবে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান, খনি পরিচালনাকারী কোম্পানি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে উৎসাহিত করতে পারে সরকার।
এ ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সরাসরি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। শুধু ঋণ দিলেই হবে না, বরং ব্যবসার ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বিপণন সহায়তা এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে হবে। এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ছোট প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও কর্মসংস্থান, দুটিই বাড়তে পারে।

শিক্ষায় পরিবর্তন, প্রয়োজন কর্মমুখী প্রশিক্ষণ
উন্নয়ন কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মশক্তির দক্ষতা উন্নয়ন। লেখকদের মতে, উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ তরুণের কর্মজীবনে প্রবেশের পথ হবে মাধ্যমিক শিক্ষা শেষ করে সরাসরি কাজে যোগ দেওয়া। তাই প্রচলিত শিক্ষাব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
শুধু সাধারণ শিক্ষা দিয়ে কর্মজীবনে ভালো আয়ের নিশ্চয়তা তৈরি করা সম্ভব নয়। বরং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, কারিগরি জ্ঞান এবং যোগাযোগ ও দলগত কাজের মতো ব্যবহারিক দক্ষতা শেখাতে হবে। স্বাস্থ্যসেবা, নির্মাণ, ব্যক্তিগত সেবা এবং তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন কাজে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াও ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য নিবন্ধটির বক্তব্য বিশেষভাবে প্রাসঙ্গিক। তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্প খাত দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দেশের বিপুলসংখ্যক মানুষের জীবিকা নির্ভর করে ক্ষুদ্র ব্যবসা, স্থানীয় সেবা, পরিবহন, খাবারের দোকান, খুচরা বিক্রি এবং নানা ধরনের অনানুষ্ঠানিক কর্মকাণ্ডের ওপর। এসব খাতে উৎপাদনশীলতা কম থাকলে শুধু বড় শিল্পের প্রবৃদ্ধি দিয়ে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছানো কঠিন। তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং বাজারসংযোগ বাড়ানোর বিষয়টি উন্নয়ন পরিকল্পনায় আরও গুরুত্ব পাওয়ার দাবি রাখে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। নিবন্ধের শেষ অংশে লেখকরা উন্নয়ন নীতি প্রণয়নে পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞতা থেকে শেখার ওপর গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন

×