ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাক্ষাৎকার: সাইফুল ইসলাম

সরকারকেই বন্ড বাজার গড়ায় মূল দায়িত্ব নিতে হবে

সরকারকেই বন্ড বাজার গড়ায় মূল দায়িত্ব নিতে হবে
×
×

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম

আনোয়ার ইব্রাহীম

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১২:০৮

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি বৈশ্বিক নানা সংকটের কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ধীর নীতিতে চলছেন। ফলে ব্যাংকে ঋণের চাহিদা কম। আবার খেলাপি হওয়ার ভয়ে ব্যাংকেরও ঋণ দেওয়ার আগ্রহ কম। ঠিক এমন সময়ে দেশে বন্ড বাজার নিয়ে আগ্রহ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, যা স্বাধীনতার পর কখনোই দেখা যায়নি। সরকার বিদেশে বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বন্ড তালিকাভুক্তিতে জোর দিচ্ছে। বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংক বড় করপোরেট প্রতিষ্ঠানকে ব্যাংক ছেড়ে পুঁজিবাজারে যেতে বলছে। দেশের বন্ড বাজার নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার ইব্রাহীম।

সমকাল: দেশে আদৌ কি কোনো বন্ড বাজার আছে?

সাইফুল ইসলাম: একেবারেই নেই, তা নয়। বিশ্বব্যাপী বন্ড বাজার বলতে যা বোঝায়, তাহলো বেসরকারি বন্ড বাজার, যা প্রকৃত অর্থে কার্যকর নয়। আমাদের দেশে বন্ড বাজার বলতে যা আছে, তা কেবলই ট্রেজারি বিল ও বন্ড বাজার। এর ক্রেতা মূলত ব্যাংক ও বীমা। 

সমকাল: স্টক এক্সচেঞ্জে ১৬টি করপোরেট বন্ড তালিকাভুক্ত আছে …

সাইফুল ইসলাম: হ্যাঁ, এর দু-তিনটি ছাড়া সবগুলো বিভিন্ন বেসরকারি ব্যাংকের ইস্যু করা। মূলত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের মূলধন পর্যাপ্ততার শর্ত পরিপালন করতে বন্ড ইস্যু করে। এ ক্ষেত্রে এক ব্যাংক বন্ডগুলো ইস্যু করছে, অন্য ব্যাংকগুলো কিনছে। অবশ্য সিটি সুগার, এনভয়টেক্স বন্ড ও আশুগঞ্জ পাওয়ার প্লান্ট বন্ড ইস্যু করেছে। বেক্সিমকো ও এসিআই সুকুক রয়েছে। তবে মানুষের আগ্রহ কম।

সমকাল: বন্ডে আগ্রহ কম কেন?

সাইফুল ইসলাম: বন্ড বিষয়ে সচেতনতা কম। এটা সামাজিক ও রাষ্ট্রীয় চর্চারও ব্যাপার। আমাদের সব কিছু ব্যাংকমুখী। চর্চাই যেখানে নেই, এই শিক্ষা ও সচেনতনা কোথা থেকে আসবে। ছোট্ট একটা দেশে সরকার ৬০টি ব্যাংকের লাইসেন্স দিয়েছে, অথচ বন্ড বাজার চায়নি।

সমকাল: যেভাবেই হোক মানুষের সঞ্চয় তো অর্থনীতিতে আসছে, বন্ড বাজার লাগবেই কেন?

সাইফুল ইসলাম: মনোপলি বা একচেটিয়া বাজার কখনও ভালো না। স্বল্প দূরত্বে অটোরিকশা উপযুক্ত বাহন হতে পারে। কিন্তু চট্টগ্রাম বা সিলেট যেতে বাস, ট্রেন বা বিমানে চড়তে হবে। অর্থায়নে ব্যাংক আর বন্ড বাজারের পার্থক্য এখানেই। অর্থায়ন ব্যবস্থা ব্যাংকে কেন্দ্রীভূত হওয়ায় সুদের হার বেশি, প্রতিযোগী দেশগুলোর তুলনায় দুই থেকে তিন গুণ। এর ফলে দেশে ব্যবসায় খরচ বেশি, মূল্যস্ফীতিও বেশি। এটা একটা দুষ্টচক্র, যার খেসারত পুরো দেশ দিচ্ছে। ব্যাংক খাতও ক্ষতিগ্রস্ত।  কার্যকর বন্ড বাজার থাকলে অর্থায়নে একচেটিয়া বাজার কারও হাতে থাকত না। বন্ড বাজার থাকলে প্রতিযোগিতা হতো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সংস্কৃতি তৈরি হতো। তাতে সুদের হার কম হতো। ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষেরও লাভ হতো। মূল্যস্ফীতি এতটা হতো না।

সমকাল: আপনারা বহু বছর ধরে কার্যকর বন্ড বাজারের কথা বলছেন। কেন হলো না?

সাইফুল ইসলাম: কারণ অনেক। সরকার, এনবিআর, কেন্দ্রীয় ব্যাংক কেউ চায়নি এ দেশের বন্ড বাজার হোক। সবাই মুখে মুখে বন্ড বাজারের কথা বলেছে, কাজের কাজটি কেউ করেনি। আবার বন্ড অনুমোদন প্রক্রিয়া অনেক জটিল ও সময়সাপেক্ষ ছিল, খরচও বেশি ছিল। যেখানে ব্যাংকে গেলে অল্প সময়ে ঋণ পাওয়া যায়, তাহলে কেন মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করবেন ব্যবসায়ীরা। আশার কথা, এখন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদন সময় দু-তিন মাসে নামিয়ে আনার কথা বলেছে। এখন সরকার, বাংলাদেশ ব্যাংকও চায়। স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্তি ফি ৮০ শতাংশ কমিয়েছে।  

সমকাল: সরকার তো বিদেশে বন্ড ইস্যু করে ডলার সংগ্রহ করছে–  বিষয়টি কীভাবে দেখছেন?

সাইফুল ইসলাম: সবই লাগবে। বড় প্রকল্প বাস্তবায়নে সব সময় বিশ্বব্যাংক, জাইকা বা অন্য কারও সহায়তার অপেক্ষায় না থেকে সরকার বিদেশের বাজারে বন্ড বেচে অর্থ সংগ্রহ করতেই পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও সরকারের মুখাপেক্ষী না হয়ে বন্ড ইস্যু করতে পারে। সরকারকেই বন্ড বাজার গড়ায় মূল দায়িত্ব নিতে হবে। কারণ, সরকারকে টাকা দিয়ে কেউ টাকা হারানোর ভয় করে না। ফলে আস্থা ও চর্চার শুরুটা ভালো হবে। 

আরও পড়ুন

×