ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সার্বভৌম বন্ড কী, কেন ইস্যু করা হয়

সার্বভৌম বন্ড কী, কেন ইস্যু করা হয়
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

দেশের অবকাঠামো উন্নয়ন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার এবার আন্তর্জাতিক পুঁজিবাজারের দিকে নজর দিচ্ছে। প্রচলিত উন্নয়ন সহযোগীদের পাশাপাশি সরাসরি বৈদেশিক মুদ্রায় তহবিল সংগ্রহে সার্বভৌম বন্ড ছাড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন অধ্যায়। তবে সম্ভাবনার পাশাপাশি এতে জড়িয়ে আছে সুদ, বিনিময় হার ও ঋণ পরিশোধের সক্ষমতা-সংক্রান্ত নানা জটিল হিসাব।

সার্বভৌম বন্ড কী এবং কীভাবে কাজ করে
সার্বভৌম বন্ড হলো, কোনো দেশের সরকারের ইস্যু করা এক ধরনের ঋণপত্র। যখন কোনো সরকার উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ, বাজেট ঘাটতি পূরণ কিংবা পুরোনো ঋণ শোধের জন্য অর্থ সংগ্রহ করতে চায়, তখন দেশি বা বিদেশি বিনিয়োগকারীদের কাছে নির্দিষ্ট মেয়াদের বন্ড বিক্রি করে। বিনিয়োগকারীরা বন্ড কিনে সরকারকে অর্থ দেন, আর সরকার নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত সুদ বা কুপন পরিশোধ করে এবং মেয়াদ শেষে মূলধন ফেরত দেয়।

সাধারণ ব্যাংকঋণের সঙ্গে এর মৌলিক পার্থক্য হলো, অর্থায়নের উৎসে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার বদলে এ ক্ষেত্রে সরকার সরাসরি আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও তহবিল ব্যবস্থাপকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারে। বৈদেশিক মুদ্রায় ইস্যু করা এই বন্ড সাধারণত আন্তর্জাতিক সার্বভৌম বন্ড নামে পরিচিত। 
সহজ উদাহরণে বিষয়টি বোঝা যায়। ধরা যাক, সরকার ১০ বছর মেয়াদে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়ল এবং বার্ষিক কুপন সুদ ঠিক হলো ৮ শতাংশ। সে ক্ষেত্রে বিনিয়োগকারীরা সরকারকে ১০০ কোটি ডলার দেবেন, সরকার প্রতিবছর আট কোটি ডলার সুদ দেবে এবং ১০ বছর পর মূল ১০০ কোটি ডলার ফেরত দেবে। এতে পুরো মেয়াদে শুধু সুদ বাবদই ব্যয় হবে ৮০ কোটি ডলার। তবে বাস্তবে বন্ডের বিক্রয়মূল্য, বাজারের চাহিদা ও শর্ত অনুযায়ী প্রকৃত ব্যয় বা ইল্ড ভিন্ন হতে পারে। কুপন রেট ও ইল্ড এক নয়–বিনিয়োগকারীরা কী দামে বন্ড কিনছেন এবং মেয়াদ পর্যন্ত ধরে রাখলে কী পরিমাণ আয় করবেন, তার ওপর ইল্ড নির্ভর করে।

সুদের হার নির্ধারণে যা প্রভাব ফেলে
আন্তর্জাতিক সার্বভৌম বন্ডের সুদ কোনো নির্দিষ্ট হারে বাঁধা থাকে না। এটি নির্ভর করে সংশ্লিষ্ট দেশের ক্রেডিট রেটিং বা ঋণমান, সামষ্টিক অর্থনীতির অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ শোধের সক্ষমতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক সুদের হারের ওপর। সাধারণত যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদকে ভিত্তি ধরে দেশের ঝুঁকি অনুযায়ী অতিরিক্ত সুদ বা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করা হয়। ঝুঁকি যত বেশি, বিনিয়োগকারীদের দাবি করা সুদও তত চড়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এই তারতম্য স্পষ্ট। 

বাংলাদেশের প্রস্তুতি ও বাজারের সম্ভাবনা
বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার উদ্যোগ কয়েক মাস ধরে ধাপে ধাপে এগোচ্ছে। গত জুলাইয়ে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির নেতৃত্বে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের নিয়ে আট সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠিত হয়। সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দেয়, যেখানে প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের আলোচনা হয়। জেপি মরগান ও ব্রিজওয়ার্কস ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনাও উঠে আসে।
গত ১৫ নভেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের ফাঁকে তানভীর শাহরিয়ার গনি সাংবাদিকদের জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক বা লন্ডনের বাজারে বন্ড ছাড়ার লক্ষ্য রয়েছে, যদিও চূড়ান্ত অঙ্ক ও শর্ত পরে নির্ধারিত হবে। বিশ্বব্যাংক, এডিবি বা জাইকার ঋণে আলোচনা ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতার বিপরীতে দ্রুত বড় তহবিল পাওয়া, ঋণের মেয়াদ বাড়ানো এবং স্বল্পমেয়াদি ঋণ নবায়নের চাপ কমানোর আশায় সরকার এ পথে এগোচ্ছে। প্রথম বন্ড সফল হলে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি খাতের জন্যও বিদেশি পুঁজিবাজারের পথ সুগম হতে পারে।
আন্তর্জাতিক বন্ডের পথ ঝুঁকিমুক্ত নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুদ্রার বিনিময় হার। ডলারের বন্ডে আয় হলেও সরকারের রাজস্ব আয় মূলত টাকায়। ডলারের বিপরীতে টাকা দুর্বল হলে ঋণ পরিশোধের দেশীয় দায় বেড়ে যায়। এ ছাড়া বিশ্বব্যাংক বা এডিবির সহজ শর্তের ঋণের তুলনায় বাজারভিত্তিক বন্ডের খরচ বেশি হওয়ায় অনুৎপাদনশীল বা কম মুনাফার খাতে অর্থ ব্যয় করলে চাপ বাড়তে পারে।
ক্রেডিট রেটিংও একটি সংবেদনশীল বিষয়। গত ২৭ জুলাই এসঅ্যান্ডপি বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি প্লাস’ বহাল রাখলেও আউটলুক স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে, যেখানে ব্যাংক খাতের দুর্বলতা, রাজস্ব সীমাবদ্ধতা ও বৈদেশিক খাতের ঝুঁকির কথা বলা হয়েছে।

আরও পড়ুন

×