ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাক্ষাৎকার: নুজহাত আনোয়ার

ট্রেজারি বন্ডে উচ্চ সুদ রেখে বন্ড বাজার গড়া কঠিন

ট্রেজারি বন্ডে উচ্চ সুদ রেখে বন্ড বাজার গড়া কঠিন
×
×

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার ইব্রাহীম

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:১৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১২:০৭

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি বৈশ্বিক নানা সংকটের কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ধীর নীতিতে চলছেন। ফলে ব্যাংকে ঋণের চাহিদা কম। আবার খেলাপি হওয়ার ভয়ে ব্যাংকেরও ঋণ দেওয়ার আগ্রহ কম। ঠিক এমন সময়ে দেশে বন্ড বাজার নিয়ে আগ্রহ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, যা স্বাধীনতার পর কখনোই দেখা যায়নি। সরকার বিদেশে বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বন্ড তালিকাভুক্তিতে জোর দিচ্ছে। বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংক বড় করপোরেট প্রতিষ্ঠানকে ব্যাংক ছেড়ে পুঁজিবাজারে যেতে বলছে। দেশের বন্ড বাজার নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার ইব্রাহীম। 

সমকাল: দেশের বন্ড বাজার সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী? ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি অর্থায়নের চাহিদা পূরণে এ বাজার কতটা সক্ষম?

নুজহাত আনোয়ার: এটি মূলত একটি ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়। উদ্যোক্তাদের স্বল্পমেয়াদি ঋণ ব্যাংক দেবে এবং দীর্ঘমেয়াদি মূলধনের জন্য তারা ক্যাপিটাল মার্কেটে আসবে বিশ্বজুড়ে এটাই নিয়ম। এতদিন আমাদের বন্ড বাজার গড়ে ওঠেনি, কারণ উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি ফান্ডের জন্যও ব্যাংকের ওপর নির্ভর করেছেন। এছাড়া বড় বাধা ছিল বন্ড ইস্যু করার খরচ, যা ব্যাংকিং ব্যবস্থার ১ টাকার তুলনায় ক্যাপিটাল মার্কেটে ছিল ৭-৮ টাকা। আমরা এই খরচ ৮০ শতাংশ কমিয়েছি। দেশে বর্তমানে বার্ষিক যে দেড় থেকে দুই লাখ কোটি টাকার করপোরেট ঋণের চাহিদা রয়েছে, বন্ড বাজার রাতারাতি তা মেটাতে পারবে না। তবে অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে, যাতে ক্রমান্বয়ে এটি সক্ষমতা অর্জন করতে পারে।

সমকাল: কিন্তু করপোরেট ঋণের বছরে লাখ কোটি টাকার চাহিদা মেটাতে তো প্রচুর বিনিয়োগকারী দরকার। বন্ডে বিনিয়োগ করবে কারা এবং বাজার কেন বন্ডে সাধারণ বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারছে না?

নুজহাত আনোয়ার: গ্লোবালি বন্ডের মূল বিনিয়োগকারী হলো মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স ও পেনশন ফান্ডের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। কিন্তু আমাদের দেশে পেনশন ফান্ড বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেটে সেভাবে আসেনি। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় বাধা হলো বন্ড বাজারে পর্যাপ্ত লিকুইডিটি বা তারল্য না থাকা। তাছাড়া বন্ডগুলো এতদিন সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। বন্ড বাজারকে জনপ্রিয় করতে হলে ৫ বা ১০ হাজার টাকার মতো ক্ষুদ্র ডিনোমিনেশনে বন্ড আনতে হবে, যাতে ব্যাংকে এফডিআর করা সাধারণ বিনিয়োগকারীরা নিরাপদ ও স্থায়ী আয়ের বিকল্প হিসেবে বন্ডে বিনিয়োগ করতে পারেন। আরেকটা বিষয় ব্যাংকে যে লাখ কোটি টাকার ঋণ চাহিদা দেখছেন, তার বড় অংশই চলতি মূলধন চাহিদা বা এলসি। বন্ড বাজারে তারাই আসবেন যারা ব্যবসার মূলধনি বা দীর্ঘমেয়াদি অর্থ চাহিদা মেটাতে চান।

সমকাল: বড় বড় সরকারি প্রকল্প ও অবকাঠামোর অর্থায়নে বন্ড বাজারে সরকারের অংশগ্রহণ কেমন হওয়া উচিত? 

নুজহাত আনোয়ার: সরকারি প্রকল্পের অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক চাহিদা তৈরিতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎকেন্দ্র স্থাপন কিংবা বড় অবকাঠামো প্রজেক্টের অর্থায়ন বন্ড ইস্যু এবং টোল সিকিউরিটাইজেশনের মাধ্যমে করা সম্ভব। সরকার নিজে বা বিভিন্ন বড় প্রজেক্টের জন্য এই ধরনের বন্ড আনলে বন্ড বাজারের আকার ও গ্রহণযোগ্যতা দুই-ই বাড়বে। কারণ, মানুষ সরকারকে বিশ্বাস করে।

সমকাল: সরকার যেখানে ১২ শতাংশ সুদে সরকারি বন্ড বিক্রি করছে, সেখানে বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ে প্রাইভেট বন্ডে কেন আসবে?

নুজহাত আনোয়ার: সরকার যদি ১২ শতাংশ সুদে বন্ড দেয়, তবে বেসরকারি খাতের বন্ডের পক্ষে তার সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন। ভালো খবর হলো, গত ছয় মাসে এই জায়গাটিতে নীতিগত পরিবর্তন শুরু হয়েছে। এটি রাতারাতি ঠিক হবে না, তবে এরই মধ্যে সরকার ফ্রেন্ডলি পলিসির দিকে এগোচ্ছে। পাশাপাশি ব্যাংকের করপোরেট ঋণে ৪৫ শতাংশের সীমা দেওয়ার যে পরিকল্পনা চলছে, সেটি কার্যকর হলে ভালো মৌলিক ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো বাধ্য হয়ে বন্ড মার্কেটে আসতে শুরু করবে।

সমকাল: বন্ড বাজারের প্রধান শক্তির জায়গা হওয়ার কথা ছিল মিউচুয়াল ফান্ড। কিন্তু বিগত দিনে ফান্ড ম্যানেজারদের অনিয়ম ও অনাস্থার কারণে এই খাত তো এক রকম বিপর্যস্ত। কেবল নতুন আইন করে কি এই আস্থার সংকট কাটানো সম্ভব?

নুজহাত আনোয়ার: অতীতের অনাস্থার দাগ এক দিনে মুছবে না। তবে নতুন রেগুলেশনে কাস্টডিয়ান ও ট্রাস্টিদের দায়িত্ব ও জবাবদিহিতা বাড়ানো হয়েছে। ডিএসই মিউচুয়াল ফান্ডের লেনদেন ও রিডেম্পশনের জন্য একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করছে এবং বিনিয়োগকারীদের জন্য তথ্য স্বচ্ছ করতে র‍্যাঙ্কিং ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে। ফান্ড ম্যানেজারের দক্ষ জনবলের অভাব থাকলেও ৪-৫টি মিউচুয়াল ফান্ড কিন্তু প্রতিকূলতার মধ্যেও নিয়মিত ভালো রিটার্ন দিচ্ছে। সঠিক রেগুলেশন ও প্ল্যাটফর্মের মাধ্যমে ধীরে ধীরে আস্থা ফিরিয়ে আনতে হবে।

সমকাল: বন্ড বাজারের সার্বিক উন্নয়নে ট্রেজারি বন্ড কীভাবে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করতে পারে এবং এ ক্ষেত্রে প্রধান বাধাগুলো কী?

নুজহাত আনোয়ার: প্রথমত, এখানে বন্ডে বিনিয়োগ অনেকের কাছে নতুন। যেহেতু এ দেশের কেউ সরকারকে টাকা ধার দিতে ভয় পায় না, কারণ সবাই বিশ্বাস করে, সরকার মুনাফাসহ টাকা ফেরত দেবে। এই আস্থাকে পুঁজি করে শুরুতে সরকারি প্রকল্পের জন্য বা ট্রেজারি বন্ড সাধারণ মানুষের জন্য কোটা নির্ধারণ করে তাদের আগ্রহী করা যেতে পারে। এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হলে জনপ্রিয়তা আরও বাড়বে। 
বন্ড মার্কেট একা একা কাজ করতে পারে না; এটি পুরো অর্থনীতির সম্প্রসারণ, জ্বালানি ও অবকাঠামোগত প্রসারের সঙ্গে সম্পর্কিত। তবে ব্যাংকে করপোরেট ঋণের ওপর সীমা আরোপ করা হলে মৌলিক দিক থেকে শক্তিশালী কোম্পানিগুলোকে বন্ডেই আসতে হবে। চাহিদা আসার আগেই আমাদের ডিএসই প্ল্যাটফর্ম ও অবকাঠামো প্রস্তুত রাখাই প্রধান লক্ষ্য, যাতে সুযোগ আসা মাত্রই বন্ড মার্কেট সক্রিয়ভাবে কাজ করতে পারে।

আরও পড়ুন

×