ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দেশের বন্ড বাজার এখনও কথায় ও কাগজে

দেশের বন্ড বাজার এখনও  কথায় ও কাগজে
×
×

আনোয়ার ইব্রাহীম 

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:২৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৩:২২

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি বৈশ্বিক নানা সংকটের কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ধীর নীতিতে চলছেন। ফলে ব্যাংকে ঋণের চাহিদা কম। আবার খেলাপি হওয়ার ভয়ে ব্যাংকেরও ঋণ দেওয়ার আগ্রহ কম। ঠিক এমন সময়ে দেশে বন্ড বাজার নিয়ে আগ্রহ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, যা স্বাধীনতার পর কখনোই দেখা যায়নি।

সরকার বিদেশে বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বন্ড তালিকাভুক্তিতে জোর দিচ্ছে। বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংক বড় করপোরেট প্রতিষ্ঠানকে ব্যাংক ছেড়ে পুঁজিবাজারে যেতে বলছে। প্রশ্ন হলো– এসব উদ্যোগে কি দেশের অর্থায়ন ব্যবস্থা সত্যিই বদলাবে? 

বিগত সরকারের সময় নামে-বেনামে বিপুল ঋণ বেরিয়ে যাওয়ার ফল এখন দৃশ্যমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকার বেশি, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ শতাংশ। খেলাপি ঋণের হারে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষে। 

গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা রেকর্ড সর্বনিম্ন। ব্যাংকগুলো তুলনামূলক নিরাপদ সরকারি সিকিউরিটিজের দিকেই ঝুঁকছে। এদিকে রাজস্ব আয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সরকারও ব্যাংকের ওপর ভর করছে। অর্থ বিভাগের মধ্যমেয়াদি কাঠামো অনুযায়ী আগামী তিন অর্থবছরে অভ্যন্তরীণ ঘাটতি অর্থায়নের গড় প্রায় ৮৭ শতাংশ আসবে ব্যাংক থেকে। এর মধ্যে আইএমএফ চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ২ শতাংশে নামিয়েছে।

এই বাস্তবতায় বর্তমান সরকার প্রথমবারের মতো বন্ড বাজারকে গুরুত্ব দিচ্ছে। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে বিনিয়োগ ও পুঁজিবাজারের দায়িত্বে নিয়োগ পান তানভীর শাহরিয়ার গণি। তিনিই এখন সরকারের বন্ড ইস্যু কমিটির প্রধান। সম্প্রতি ব্লুমবার্গকে তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো সর্বোচ্চ ১০০ কোটি ডলারের সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা আছে বর্তমান সরকারের এবং জেপি মর্গান এর ব্যবস্থাপক হতে যাচ্ছে।

কক্সবাজারে সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ঋণ সম্মেলনের ফাঁকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক বা লন্ডনে সার্বভৌম বন্ড ছাড়ার ইচ্ছা আছে। ইউরোবন্ডের পাশাপাশি সুকুক, জাপানের সামুরাই ও চীনের পান্ডা বন্ডও বিবেচনায় রয়েছে। 
দেশের ভেতরেও কিছু পদক্ষেপ চোখে পড়ছে। বাংলাদেশ ব্যাংক সুকুকে শুধু ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ আলাদা কোটা রেখেছে। জুনে প্রথম স্বল্পমেয়াদি সুকুকে লক্ষ্যমাত্রার ১০ গুণের বেশি দর প্রস্তাব এসেছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ করপোরেট বন্ডের তালিকাভুক্তি ফি ৮০ শতাংশ কমিয়েছে। বিএসইসি নতুন বন্ড অনুমোদনের সময় প্রথমবারের মতো মূল বোর্ডে তালিকাভুক্তিকে শর্ত করেছে। ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড সেই শর্তেই আনার প্রস্তুতি চলছে।

সবশেষ গত ১৪ নভেম্বর বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বেসরকারি ব্যাংকের ঋণে করপোরেট খাতের ৭০-৮০ শতাংশ অংশ আগামী বছর থেকে কমিয়ে ৪৫ শতাংশের কাছাকাছি আনার চিন্তা চলছে। বাকিটা যাবে খুচরা (২০ শতাংশ) ও এসএমই (৩৫ শতাংশ) খাতে। তাঁর কথায়, বড় করপোরেটদের অর্থায়নের উল্লেখযোগ্য অংশ আসতে হবে পুঁজিবাজার থেকে। এটি এখনও লক্ষ্যমাত্রা; বাধ্যতামূলক সীমা নয়।

তবে এত আলোচনার মাঝে পরিসংখ্যান বুঝিয়ে দেয়, দেশের বন্ড বাজার একেবারেই নগণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের শেষে ২ কোটি ১৫ লাখ মানুষের এফডিআর ও ডিপিএস স্কিমে প্রায় সোয়া ১৩ লাখ কোটি টাকা জমা ছিল। সরকারি সঞ্চয়পত্রে অন্তত ৫২ লাখ মানুষের সাড়ে ৩ লাখ কোটি টাকার বিনিয়োগ আছে। আইডিআরএর তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুন শেষে জীবন বীমার চালু পলিসি ছিল প্রায় ৬৮ লাখ; আর ওই বছর ৩৬টি জীবন বীমা কোম্পানির মোট গ্রস প্রিমিয়াম ছিল প্রায় ১৩ হাজার কোটি টাকা।

অথচ শেয়ারবাজারে বিনিয়োগ আছে এমন অ্যাকাউন্ট মাত্র ১২ লাখ। এর মধ্যে সাড়ে ৭ লাখ অ্যাকাউন্টে বিনিয়োগ এক লাখ টাকার কম। প্রায় ৩ লাখ অ্যাকাউন্টে ১ থেকে ১০ লাখ টাকা। অর্থাৎ ৯২ শতাংশের বিনিয়োগ ১০ লাখ টাকার কম। মানুষ যে টাকা ব্যাংক, সঞ্চয়পত্র ও বীমায় নিশ্চিন্তে রাখছে, তার সামান্য অংশই পুঁজিবাজার বা বন্ডের দিকে যাচ্ছে। এর অর্থ, মানুষের বিনিয়োগে আগ্রহ কম এবং তা বাড়াতে হবে।

দেশের বন্ড বাজারের প্রকৃত চেহারা খুবই বিবর্ণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুনে জিডিপির তুলনায় করপোরেট বন্ডের বাজারমূল্য ছিল মাত্র ০ দশমিক ০৬ শতাংশ এবং লেনদেন প্রায় নেই। ভিয়েতনামে তা ২৭ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ৩১ শতাংশ। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করপোরেট বন্ড মাত্র ১৬টি।
বাস্তবতা হলো, বড় করপোরেট প্রতিষ্ঠানের অর্থায়নের চাহিদা মেটানোর মতো গভীর বাজার এখনও গড়ে ওঠেনি। তারল্য কম। শেয়ারবাজারে যারা আছেন, তাদের বড় অংশের আগ্রহ ইক্যুইটিতে এবং স্বল্পমেয়াদি লেনদেনে; বন্ডে নয়। পুঁজিবাজার পাঁচ দশকে দেশের স্থায়ী মূলধন গঠনের মাত্র ৬ শতাংশ জোগান দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুনে মোট সরকারি সিকিউরিটিজের ৬৮ দশমিক ৮৭ শতাংশ ব্যাংকের হাতে এবং বীমা, ট্রাস্ট ও প্রভিডেন্ট ফান্ডের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর হাতে ১২ দশমিক ০৩ শতাংশ। ব্যক্তি বিনিয়োগকারীর হাতে মাত্র ১ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ ব্যাংক টাকা নিয়ে সরকারকে ধার দিচ্ছে; সাধারণ মানুষ সরাসরি সরকারকে ধার দিচ্ছে না। কারণ এ সুযোগ সীমিত, জটিল ও প্রচার নেই।

স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের দ্বিতীয় বাজার এখনও নামমাত্র। ২০২৫ সালে এক্সচেঞ্জে এখানে লেনদেন বেড়েছে ৫৩ শতাংশ, তবু অঙ্কে তা মাত্র ১৯৫ কোটি টাকা। বিএসইসির বর্তমান নেতৃত্ব মনে করছে, এক্সচেঞ্জ দিয়ে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি বাজার হবে না। তাদের নজর করপোরেট বন্ডে। অন্যদিকে ডিলার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চালু ব্যবস্থায় লেনদেন সহজ; একই দিনে নিষ্পত্তি হয়, খরচও নেই। 
এক্সচেঞ্জে নিষ্পত্তি হয় সাধারণ শেয়ারের মতো টি+২ দিনে। প্রাথমিক নিলামে সাধারণ বিনিয়োগকারীর জন্য ন্যূনতম এক লাখ টাকার সীমাও ছোট সঞ্চয়কারীদের বাধা। ব্যাংকগুলোর আগ্রহও কম থাকা স্বাভাবিক। কারণ মানুষ বন্ডে গেলে তাদের আমানত কমে। তবু লংকাবাংলা, সিটি ও ব্র্যাক ইপিএলের মতো কয়েকটি শীর্ষ ব্রোকারেজ হাউস নামমাত্র কমিশনে বন্ড জনপ্রিয় করার চেষ্টা করছে। এতে কিছু লেনদেনও হচ্ছে।

বৈশ্বিক পরিস্থিতি ও আমাদের চ্যালেঞ্জ 
২০২৫ সালে বিশ্বে বন্ডসহ স্থায়ী আয়ের সিকিউরিটিজের স্থিতি ছিল ১৬১ ট্রিলিয়ন ডলার। শেয়ারবাজারের মোট মূলধন ১৫৮ ট্রিলিয়ন ডলার। বন্ড ও ইক্যুইটি প্রায় সমান, তবে বন্ড একটু এগিয়ে। এর কারণ কয়েকটি। প্রথমত, সরকার, করপোরেট ও অবকাঠামো প্রকল্পের দীর্ঘমেয়াদি ঋণ ব্যাংকের স্বল্পমেয়াদি আমানত দিয়ে টেকে না। বন্ড সেই মেয়াদের ফাঁক পূরণ করে। দ্বিতীয়ত, বন্ডের ক্রেতা আছে। বিশ্বজুড়ে পেনশন তহবিলের সম্পদ গত বছর ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড ৬৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ওইসিডির তথ্য অনুযায়ী জীবন বীমা কোম্পানিগুলো তাদের বিনিয়োগের ৬০ শতাংশ বন্ডে রেখেছে। যুক্তরাষ্ট্রের জীবন বীমাকারীদের সম্পদের ৪৮ শতাংশ বন্ডে। তৃতীয়ত, ব্যাংকের একচ্ছত্র আধিপত্য কমছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ গত ২৯ অক্টোবর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর করেছে। ২০২৯-এর পর ইউরোপে পোশাক রপ্তানিতে ১২ শতাংশ শুল্ক বসতে পারে। অথচ ভারত ও ভিয়েতনাম শূন্য শুল্কে পাঠাবে। ইইউ-ভারত মুক্ত বাণিজ্য আলোচনা জানুয়ারিতে শেষ হয়েছে। ভিয়েতনাম ২০২৭ থেকে ইইউ বাজারে শূন্য শুল্ক পাবে। 
শুল্ক সুবিধা কমলে কারখানার হাতে লড়াইয়ের জায়গা থাকে খরচ আর গুণমান। সস্তা শ্রম একসময় বাংলাদেশের বড় শক্তি ছিল, কিন্তু একা তা আর যথেষ্ট নয়। ব্যবসা চালাতে ঋণ নিতে গিয়ে যদি ১৩ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হয়, তাহলে প্রতিটি অর্ডারের মুনাফার বড় অংশ সুদেই চলে যায়। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় ব্যাংকের বাইরে বন্ড বাজারের ভূমিকা তুলনামূলক অনেক বড়, আর সেখানকার সরকার ঋণের খরচকে সরাসরি নীতির আওতায় এনেছে। বাংলাদেশেও এমন ব্যবস্থা দরকার।

আগ্রহ বিদেশে বন্ড ছাড়ার দিকে 
বিদেশি বাজার থেকে অর্থ আনা জরুরি। বড় প্রকল্প, বৈদেশিক মুদ্রার ভারসাম্য ও চলতি হিসাবের জন্য এর প্রয়োজন আছে। একই সঙ্গে ঝুঁকিও আছে। এস অ্যান্ড পি বাংলাদেশকে দিয়েছে বি-প্লাস রেটিং, দৃষ্টিভঙ্গি নেতিবাচক; মুডিস রেখেছে বি২, দৃষ্টিভঙ্গি স্থিতিশীল। অর্থাৎ বন্ড ছাড়তে হবে ঝুঁকিপূর্ণ (স্পেকুলেটিভ গ্রেড) মানের রেটিং নিয়ে। মনে রাখতে হবে, শ্রীলঙ্কার সংকটের সূত্রপাত হয়েছিল চড়া সুদের বাণিজ্যিক বন্ডে অনুৎপাদনশীল অবকাঠামোতে অর্থ জোগানো থেকে।
সরকার দেশীয় বাজারে বন্ড ছাড়ার চেয়ে বিদেশ থেকে অর্থ তোলায় বেশি আগ্রহী। স্থানীয় সরকার বা ছোট প্রকল্পে বন্ডের মাধ্যমে অর্থায়নের উদ্যোগ প্রায় নেই। অথচ জনগণের কাছে সরাসরি বন্ড বিক্রি করলে ব্যাংকের চেয়ে কম সুদে অর্থ জোগাড় সম্ভব হতো, সরকারের সাশ্রয় হতো, ব্যাংক বাধ্য হয়ে বেসরকারি ঋণে মনোযোগ দিত। আর তাতে সুদের হারও নিচে নামত। কিন্তু এ ব্যবস্থা বদলাতে দায়িত্বশীলদেরই আগ্রহ কম। 

করপোরেট খাতেও পুরোনো অভ্যাস বদলায়নি। কেন্দ্রীয় ব্যাংক আগেই একক ঋণগ্রহীতার সীমা কঠোরভাবে কার্যকর করার কথা বলেছে। এখন যোগ হয়েছে ব্যাংক ঋণে করপোরেট অংশ কমানোর লক্ষ্য। ব্যবসায়ীদের বন্ড বাজারমুখী করার এটি বিরল সুযোগ। কিন্তু বাজার প্রস্তুত না থাকলে এই ধাক্কায় তারা বন্ডে না এসে বিদেশি ঋণ বা অন্য পথে যেতে পারে। নিয়ন্ত্রক সংস্থা বাজারের বাস্তবতা না বুঝে সিদ্ধান্ত নিলে এই ধারা বদলাবে না।

ক্রেতা তৈরি করতে হবে
শুধু ইস্যুকারীকে উৎসাহ দিলে চলবে না; ক্রেতাও চাই। বীমা কোম্পানি, পেনশন তহবিল, গ্র্যাচুইটি তহবিল ও সাধারণ মানুষকে বন্ডে আনতে হলে তিনটি জিনিস লাগবে। প্রথমত, কর প্রণোদনা– বন্ডের সুদে করছাড় বা কম হারের উৎসে কর। দ্বিতীয়ত– সহজ ব্যবস্থা। মোবাইল ও অনলাইনে ছোট অঙ্কে কেনা; একই দিনে নিষ্পত্তি এবং এক জায়গা থেকেই কেনাবেচার ব্যবস্থা থাকতে হবে। প্রবাসীদের জন্য বিদেশ থেকেই বিনিয়োগের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী বন্ডের ১৫ বছরের মেয়াদসীমা তুলে দেওয়ার কাজ করছে। তৃতীয়ত– বিশ্বাস। সাবেক গভর্নর মনসুর বলেছিলেন, কোম্পানিগুলো সময়মতো আসল ও সুদ ফেরত দেবে, বিনিয়োগকারীর এই আস্থা গড়ে তুলতে হবে। তা না হলে বন্ড গ্রহীতাদেরও খেলাপি ঋণ গ্রহীতার মতো দেখা হবে।
বন্ড বাজার কথার ফুলঝুরিতে হবে না। এ জন্য লাগবে সরকারের নিজের দেশীয় বাজারে বন্ড ছাড়ার সদিচ্ছা, নিয়ন্ত্রকের বাস্তবমুখী সিদ্ধান্ত, আর ব্যাংকের একচ্ছত্র আধিপত্য ভাঙার সাহস। ব্যাংক খাত ধসে পড়ার পর পুঁজিবাজার গড়ার এই সুযোগ বারবার আসবে না।

আরও পড়ুন

×