হজের সময় যেসব বিষয় লক্ষ্য রাখবেন
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:১৭ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১৩:১১
হজের ৫ দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মিনায় অবস্থান করতে হয়। তাই হাতব্যাগে এক সেট অতিরিক্ত ইহরামের কাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিস রাখবেন।
কোনো কোনো হজযাত্রী হেঁটে হজের আমলগুলো করে থাকেন। যেমন মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। মুজদালিফা থেকে মিনার দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এসব স্থানবিশেষে হেঁটে যেতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে।
দিনের বেলায় বাইরে বের হলে ছাতা সঙ্গে নেবেন। মুজদালিফায় রাতে থাকার জন্য প্লাস্টিকের পাটি ব্যবহার করতে পারেন। সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে পারেন। মক্কাসহ বিভিন্ন জায়গায় ছাতা, পাটি কিনতে পাওয়া যায়।
মিনার মানচিত্র থাকলে হারিয়ে যাওয়ার ভয় নেই। মিনার কিছু স্থান চিনে নিজের মতো করে আয়ত্তে আনলে এখানে চলাচল করা সহজ। যেমন জামারা (শয়তানকে পাথর নিক্ষেপের স্থান), মসজিদে খায়েফ, মিনার তিনটি সেতু (বাদশাহ খালেদ ব্রিজ ১৫ নম্বর, বাদশাহ আবদুল্লাহ ব্রিজ ২৫ নম্বর, বাদশাহ ফয়সাল ব্রিজ ৩৫ নম্বর), হাঁটার পথ (টিনশেড নামে পরিচিত)। এখানে সাতটি জোন রয়েছে। মিনার বড় রাস্তাগুলোর ভিন্ন ভিন্ন নাম ও নম্বর রয়েছে।
রাস্তার নাম ও নম্বর জানা থাকলে মিনায় চলাচল আরও সহজ। পথ হারানোর আশঙ্কা কম থাকে। বড় রাস্তাগুলো হলো: বাদশাহ ফয়সাল ৫০ নম্বর রোড, আলজাওহারাত ৫৬ নম্বর রোড, সুক্কল আরব ৬২ নম্বর রোড, কিং ফাহাদ ৬৮ নম্বর রোড। মিনায় রেলস্টেশন ৩টি। মুজদালিফায় রেলস্টেশন ৩টি। এ ছাড়া রয়েছে সুড়ঙ্গপথ, টানেল, পায়ে চলার রাস্তা, হাসপাতাল, মসজিদ, পোস্ট অফিস, মিনার বাদশাহ বাড়ি, রয়েল গেস্টহাউস (রাজকীয় অতিথি ভবন) মোয়াচ্ছাসা কার্যালয়।
মক্কা, মদিনা, মিনা, আরাফাতের মানচিত্র কাগজে মুদ্রিত বা অনলাইনে ডিজিটাল ছবি আকারে পাওয়া যায়। সম্ভব হলে মানচিত্র দেখুন, তাহলে ওখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সম্পর্কে একটা ধারণা পাবেন।
মিনায় মোয়াল্লেম নম্বর বা তাঁবু নম্বর জানা না থাকলে যে কেউ হারিয়ে যেতে পারেন। ধরা যাক, মিনার তাঁবু নম্বর ৮/৫৬। ওপরের সংখ্যা তাঁবু নম্বর ৮, নিচের সংখ্যা ৫৬ হলে রাস্তার নম্বর।
মোয়াল্লেম অফিস থেকে তাঁবুর নম্বরসহ কার্ড দেওয়া হয়। তা যত্নে রাখতে হবে। বাইরে বের হওয়ার সময়ও কার্ডটি সঙ্গে রাখুন। সমস্যা এড়ানোর জন্য যে তাঁবুতে অবস্থান করবেন, সেই তাঁবু চিহ্নিত করে নিন।
মিনায় জামারা থেকে আপনার তাঁবুর অবস্থান, তাঁবু থেকে মসজিদুল হারামে যাওয়া-আসার পথ সম্পর্কে ধারণা নিন। ভিড় এড়াতে কেউ কেউ হেঁটে সুড়ঙ্গ (টানেল) পথ দিয়ে মসজিদুল হারামে পৌঁছান। হাঁটার পথ চিনতে স্থানীয় বাংলাদেশি কাউকে বললে দেখিয়ে দেবে। গুগল ম্যাপসের সহায়তাও https://goo.gl/WPBR25 নিতে পারেন।
অনেকে ট্যাবলেট কম্পিউটার বা আইফোন নিয়ে যান। রাস্তাঘাট, অবস্থান ইত্যাদি জানতে হজ ও পিলগ্রিম অ্যাপের সহায়তা নিতে পারেন।
আরাফাতের ময়দানে অনেক প্রতিষ্ঠান বিনা মূল্যে খাবার, ফল, ফলের রস ইত্যাদি দিয়ে থাকে। ওই সব খাবার আনতে গিয়ে ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয়। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
মিনায় চুল কাটার কর্মী পাওয়া যায়। তাঁদের সহায়তা নিন। নিজেরা নিজেদের চুল কাটবেন না, এতে মাথা কেটে যেতে পারে।
- বিষয় :
- হজযাত্রী
