লড়াইটা নেইমারের সঙ্গে সনেরও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২২ | ০১:৩২ | আপডেট: ০২ জুন ২০২২ | ০১:৩৩
কোরিয়ানদের কাছে সন হিউং-মিন ফুটবলের দেবতা। ইংলিশ ফুটবলে ২০২১-২২ মৌসুমে লিভারপুলের মোহামেদ সালাহর সঙ্গে ২৩ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন টটেনহাম হটস্পারের এ তারকা। অন্যদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন। এর সঙ্গে আছে ব্রাজিলের ফুটবল ঐতিহ্য।
দুই দলের মধ্যকার লড়াইয়ের প্রসঙ্গ উঠলেই নিরঙ্কুশ ফেভারিট ব্রাজিল। কিন্তু এশিয়া ও লাতিন আমেরিকার দুই দেশের লড়াইয়ে ঘুরেফিরে উঠে আসছে নেইমার ও সনের নাম। সিউলে আজ ব্রাজিল ও কোরিয়ার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের (১) চেয়ে ২৮ ধাপ পেছনে কোরিয়া (২৯)। আগের ছয়বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে পাঁচটিতে, কোরিয়ার জয় একটি। সেটাও ঘরের মাঠে ১৯৯৯ সালের ২৮ মার্চ।
নেইমারদের বিপক্ষে এবারের লড়াইটিকে কোরিয়ার সমর্থকরা সমানে সমানে ভাবছেন। সেলেকাওদের বিপক্ষে ম্যাচকে ঘিরে কোরিয়ানদের উন্মাদনা টের পাচ্ছেন সন, 'অবশ্যই আমাদের সমর্থকরা চাইবে আমরা যেন ম্যাচটা জিতি এবং অনেক গোল করি। কিন্তু কিছু বিষয় আমরা যেভাবে চাই, সব সময় সেভাবে হয় না।'
- বিষয় :
- ফিফা
- দক্ষিণ কোরিয়া
- ব্রাজিল
- নেইমার
- সন হিউং-মিন
