প্রিমিয়ার লিগেও নিষিদ্ধ হতে পারে ম্যানসিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৪৭
উয়েফার অ্যাকশনের পর প্রিমিয়ার লিগও যেন ম্যানচেস্টার সিটিকে চেপে ধরার সুযোগ পেল। যদিও ভেতরে ভেতরে তারাও এতদিন তদন্ত কম করেনি। শেষমেশ বুঝি আরেকটা বড়সড় ধাক্কা খাওয়ার সময় আসছে! সম্প্রতি ইপিএলের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স নিশ্চিত করেছেন, তারা প্রিমিয়ার লিগের একটি ক্লাবের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে যাচাই-বাছাই করছেন। তবে কি ওই এক ক্লাব এই ম্যানসিটি।
তার আগে জার্মান ম্যাগাজিন ডার স্পিজেল যে সিরিজ প্রতিবেদন করেছিল সেখানেও ম্যানসিটির 'এ টু জেড' আর্থিক অনিয়ম নিয়ে তথ্য ফাঁস হয়। যেখানে স্পন্সরশিপ নিয়ে নয়-ছয় করার চিত্রও ফুঠে ওঠে। আপাতত ওই ক্লু ধরেই এগোচ্ছে প্রিমিয়ার লিগ। অবশ্য উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতির সঙ্গে প্রিমিয়ার লিগের নীতির ফারাক রয়েছে। গত মার্চেও এমন একটা ইঙ্গিত দিয়েছিল প্রিমিয়ার লিগ। তারা তখন এক বিবৃতিতে জানায়, তদন্ত বেশ জোরেশোরে এগোচ্ছে। কী আছে ম্যানসিটির ভাগ্যে, এখন সেটাই দেখার অপেক্ষা।
এর আগে দীর্ঘদিনের তদন্ত শেষে গত শুক্রবার ইউরোপিয়ান সব প্রতিযোগিতা থেকে ম্যানসিটিকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে। যদিও এবার এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না তারা। পরের দুই মৌসুম ২০২০-২১ ও ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগসহ উয়েফার কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না সিটিজেনরা। সেইসঙ্গে জরিমানাও গুনতে হবে ৩০ মিলিয়ন ইউরোর মতো। তবে এই শাস্তির বিরুদ্ধে আদালতে আপিল করার সুযোগ রয়েছে ম্যানসিটির। এ মুহূর্তে সেদিকেই হাঁটছে তারা। একটা গুঞ্জন শোনা যাচ্ছে, আপিলে মোটা অঙ্কের অর্থ ঢেলে এই নিষেধাজ্ঞা থেকে পার পেয়ে যাবে দলটি। আর যদি পুরোপুরি পার নাও পায়, তবে নিষেধাজ্ঞার সময়সীমা কিছুটা কমবে। এদিকে ম্যানসিটির এমন নিষিদ্ধ হওয়াটা মোটেও মানতে পারছেন না কোচ পেপ গার্দিওলা। যে স্বপ্ন নিয়ে তার ইতিহাদে আসা। সেই স্বপ্নে উয়েফা যে জল ঢেলে দিল। তাই তো হতাশ পেপ, ছাড়তে পারেন ম্যানসিটিও।
- বিষয় :
- ফুটবল
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- ম্যানসিটি
