'শপথ নিয়েছি ওয়ানডে বিশ্বকাপও খেলব'
--
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৮
বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের চতুর্থ টি২০ বিশ্বকাপ খেলতে এখন অস্ট্রেলিয়ায়। ২১ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করে 'এ' গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলা সালমাদের লক্ষ্য। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সাফল্য উজ্জীবিত করছে তাদের। কন্ডিশনিং ক্যাম্পের প্রস্তুতি কাজে লাগিয়ে বিশ্বকাপটা উপভোগ করতে চান তারা। ২০২০ নারী টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে অধিনায়ক সালমার সঙ্গে কথা বলেছেন সেকান্দার আলী।
সমকাল: প্রস্তুতি কেমন হলো?
সালমা: খুব ভালো প্রস্তুতি হয়েছে। অস্ট্রেলিয়া আসার আগে দেশে লম্বা সময় ধরে ক্যাম্প করেছি। ভারতে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। গোলকোস্টের কন্ডিশনিং ক্যাম্প আরও ভালো ছিল। অস্ট্রেলিয়ায় আমাদের প্রথম আসা। আমরা এই দেশ এবং কন্ডিশন সম্পর্কে তেমন কিছু জানতাম না। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এমন একটা সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। কন্ডিশনিং ক্যাম্প থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে বড় দলগুলো কীভাবে নিজেদের প্রস্তুত করে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। প্রতিটি সেশনেই কিছু না কিছু শিখেছি। ফিটনেস নিয়ে জিমে তারা কাজ করে, সেটা দেখার ও শেখার সুযোগ হয়েছে।
সমকাল: দল নিয়ে কতটা আশাবাদী?
সালমা: আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী। আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছি। যদিও অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথম খেলব, এর পরও ভালো করার ব্যাপারে আশাবাদী। আমরা দল হিসেবে খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব। নতুন কোচিং স্টাফ গত কয়েক মাসে আমাদের একটা দল হিসেবে গড়ে তুলেছে। আশা করি মাঠে স্কিল প্রয়োগ করতে পারব।
সমকাল: বাংলাদেশের শক্তির জায়গা কোনটা?
সালমা: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি করার চেষ্টা করেছি। কোনো একটি নির্দিষ্ট বিভাগের ওপর আমরা ফোকাস করছি না। আমাদের শক্তির জায়গা দল হিসেবে খেলতে পারা।
সমকাল: বাংলাদেশ তো কঠিন গ্রুপে?
সালমা: 'এ' গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে খেলব আমরা। আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। চেষ্টা করব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে। অস্ট্রেলিয়ার মাঠগুলো একটু বড়। কন্ডিশনিং ক্যাম্প থেকে যেটা বুঝতে পেরেছি, পাওয়ার ক্রিকেট খেলতে পারলে ভালো। আমরা যেহেতু পাওয়ার ক্রিকেট খেলে অভ্যস্ত না, তাই টেকনিকের ওপর খেলে সফল হতে চাই।
সমকাল: প্রতিপক্ষ সম্পর্কে কতটা জানেন?
সালমা: শ্রীলংকার সঙ্গে আগে খেলেছি। শ্রীলংকা আমাদের প্রথম টার্গেট। ভারত ও নিউজিল্যান্ডের যে কোনো একটিকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ থাকবে। তবে আমরা ম্যাচ ধরে এগোতে চাই।
সমকাল: ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে কতটা আশাবাদী?
সালমা: ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলব। তারা ভালো দল, তবে অজেয় নয়। ভারতকে হারিয়েই আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। টি২০ গেমে নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারলে যে কেউ কোনো দল জিততে পারে।
সমকাল: বিশ্বকাপে বাস্তব ফল কী হতে পারে?
সালমা: এটা আমাদের চতুর্থ টি২০ বিশ্বকাপ। আগের তিন আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছি। এবার দ্বিতীয় রাউন্ডে খেলতে চাই।
সমকাল: টানা চার বিশ্বকাপে অধিনায়ক আপনি, ছেলেদের ক্রিকেটেও কারও এই রেকর্ড নেই?
সালমা: আমার জন্য এটা বিরাট সম্মানের। বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ যে, আমার ওপর আস্থা রেখেছে। চেষ্টা করব এই রেকর্ডকে স্মরণীয় করে রাখতে।
সমকাল: অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় কোনো প্রেরণা?
সালমা: আমাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সাফল্যে গর্বিত। খুবই খুশি। তাদের এই সাফল্যে আমাদের ভেতরও আত্মবিশ্বাস বেড়েছে।
সমকাল: টি২০-তে চতুর্থ বিশ্বকাপ খেলছেন, অথচ এখনও ওয়ানডে বিশ্বকাপ খেলা হলো না?
সালমা: আমরাও এ বিষয়টি নিয়ে আলাপ করেছি। আমাদের মধ্যেও এ নিয়ে আক্ষেপ আছে। তবে এবার সবাই শপথ নিয়েছি, আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলার। এ জন্য যত পরিশ্রম করতে হয় করব। আশা করি সামনের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের অংশগ্রহণ দেখতে পাবেন।
- বিষয় :
- সালমা
- সাক্ষাৎকার
- নারী টি-২০ বিশ্বকাপ
- খেলা
- ক্রিকেট
