নারিনকে কলকাতার বাদ দেওয়া উচিৎ: ভন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ০৮:০৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ০৮:০৯
আইপিএলের চলতি আসরে খুব বাজে ক্রিকেট খেলছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে যারা জিতেছে মাত্র তিনটি ম্যাচ, ৬টি ম্যাচেই হার। এতে প্লে-অফে ওঠার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নাইটদের।
শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিক বাজে পারফরম্যান্সের দোষ অনেকে দিচ্ছেন দলটির বিদেশি দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে। এ দুজন মোটেই ফর্মে নেই এবারের আসরে।
একটা সময় ছিল কেকেআরের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন নারিন। আইপিএলে তার হাতে বল তুলে দেওয়া মানে যখন তখন উইকেট পড়বে। সৌরভ থেকে গৌতম গম্ভীর - কেকেআর অধিনায়করা চোখ বন্ধ করে ভরসা করতেন সুনীল নারিনের ওপর। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার তিনি। অন্যদিকে কেকেআরে দাপট ছিল আন্দ্রে রাসেলেরও। ব্যাট হাতে তাণ্ডব চালাতেন তিনি। কিন্তু বর্তমানে সেই ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার।
লাগাতার অফ ফর্মের কারণে ম্যাচ উইনারদের প্রতি আস্থাও হারিয়েছে কেকেআর ফ্যানরা। ২ জনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকেই। তবে এই দুই ক্যারিবিয়ানের ওপর এখনই আস্থা হারাচ্ছেন না কেকেআর কোচ পণ্ডিত। বরং তিনি আশা করেন, এই দুই সিনিয়র নাইট ক্রিকেটার আগের মতো ফর্মে ফিরে আসবে।
এর মধ্যেই ক্রিকবাজের এক অনুষ্ঠানে ইংলিশ ক্রিকেটার ভন জানিয়েছেন, কলকাতার উচিৎ নারিনকে বাদ দেওয়া। যদিও রাসেলের প্রশংসা করেছেন তিনি। চলতি আইপিএলে গতকাল সুযোগ পেয়ে আবারও প্রমাণ করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। ব্যাট হাতে ৩৯ বলে ৮১ রান করেছেন গুরবাজ। ইংলিশ ক্রিকেটার ভন বলছেন- কেকেআরের ওপেনিং সমস্যা কিছুটা হলেও সমাধান হয়েছে।
তিনি বলেন, 'কলকাতা তাঁদের ওপেনিং কম্বিনেশন পেয়েছে এবং তারা দুজনেরই (রয়-গুরবাজ) খেলার ধরণ একই। যেটা বিধ্বংসী জুটি। গুরবাজ আজ দারুণ খেলেছে। সে তার জাতীয় দলের সতীর্থ রশিদ খানকে পাড়ার জুনিয়র লেগ স্পিনারের মতো ট্রিট করেছে। সে (গুরবাজ) মাঠের চতুর্দিকে খেলেছে। রাসেলকেও ভালো খেলতে দেখে ভালো লাগছে।'
ওপেনিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সামিল হয়েছিলেন নারিনও। তবে এ বছর জ্বলে উঠতে পারেননি। বল হাতে গতকাল ভালো করলেও ভনের মতে এই মুহূর্তে নারিনকে দরকার নেই কেকেআরের। ভন বলেন, 'আমার কাছে সহজ বিষয় হচ্ছে রয় দলের জন্য রান করছে। গুরবাজও ভালো খেলল। বিদেশিদের মধ্যে তারা দুজনেই ভালো খেলছে। কিন্তু নারিন দলের কোনো কাজে আসছে না। তাকে বাদ দেওয়া উচিত। হ্যা, একসময়ে সে দলে অবদান রেখেছেন কিন্তু এখন পারছে না।'