ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বায়ার্নের চাই আর একটি জয়

বায়ার্নের চাই আর একটি জয়
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০০:৩৪

শনিবারেই বায়ার্ন মিউনিখের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারত। কিন্তু ডুসেলডর্ফের বিপক্ষে একেবারে অন্তিম মুহূর্তে আরলিং হাল্যান্ড গোল করে বরুশিয়া ডর্টমুন্ডকে জয় এনে দেওয়ায় তা হয়নি। তবে ডর্টমুন্ডের এ জয় কেবল বায়ার্নের অপেক্ষাকে দীর্ঘায়িত করেছে। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়ে শিরোপার একেবারে দ্বারপ্রান্তে চলে গেছে জার্মান জায়ান্টরা। লিগের আর তিনটি ম্যাচ বাকি আছে তাদের। এর মধ্যে যে কোনো একটি ম্যাচ জিতলেই রেকর্ড টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগা জিতে নেবে বায়ার্ন।

অ্যালিয়াঞ্জ এরেনায় কার্ডের কারণে বায়ার্নের আক্রমণভাগেই দুই স্তম্ভ রবার্ট লেভানডভস্কি ও থমাস মুলার না থাকায় তাদের খুব একটা চাপিয়ে খেলতে দেখা যায়নি। এর মধ্যে মনশেনগ্লাডবাখের গোলরক্ষক এক হাস্যকর ভুল করে বসলে বায়ার্নকে এগিয়ে দেন টিনেজ স্ট্রাইকার জসুয়া জিরকে। ব্যাক পাস ধরে গোলরক্ষক ইয়ান সোমের দলের আরেকজনকে পাস দিতে গিয়ে বল তুলে দেন প্রতিপক্ষের ১৯ বছর বয়সী ডাচ স্ট্রাইকারের পায়ে।

এমন উপহারকে গোলে পরিণত করতে মোটেও বেগ পেতে হয়নি জিরকের। তবে মিনিট দশেক পর বার্য়ানের ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড আত্মঘাতী গোল করে বসলে ম্যাচে সমতা ফিরে আসে। ডান দিক থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচে আক্রমণের ধার অনেকটাই কমে যায়। দ্বিতীয়ার্ধে গ্লাডবাখ কয়েকটি আক্রমণ চালালেও তারকা গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের জন্য তা সফল হয়নি। ম্যাচ যখন ড্র হতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল, তখনই গোল করে বায়ার্নকে জয় এনে দেন লিওন গোরেস্কা। মঙ্গলবার বায়ার্নের পরবর্তী ম্যাচ রেলিগেশন শঙ্কায় থাকা ওয়ের্দার ব্রেমেনের বিপক্ষে। সেদিনই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে তারা।

করোনা বিরতির পর লিগে বায়ার্নের এটি টানা ষষ্ঠ জয়। এ জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট বায়ার্নের। সমান ম্যাচে তাদের চেয়ে সাত পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড। দু'জন নির্ভরযোগ্য খেলোয়াড় ছাড়া কঠিন একটি ম্যাচ জিতে বেশ খুশি বায়ার্ন অধিনায়ক ন্যুয়ার, 'এমন কঠিন ম্যাচও আমরা জিততে পারি! আজ আমাদের একটু ভিন্ন পরিকল্পনা ছিল। মধ্যমাঠে আমরা বল দখলে পিছিয়ে ছিলাম, তাদের উপর চাপিয়েও খেলিনি। আমরা আসলে চাইছিলাম, তারা এগিয়ে আসুক।'

আরও পড়ুন

×