কর্তৃত্ব চাইলে এমবাপ্পের পিএসজি ছাড়তে হবে: মডরিচ
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০২:২৬
বিশ্ব ফুটবলে কর্তৃত্ব করে খেলতে হলে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছাড়তে হবে। তাকে খেলতে হবে এমন কোন লিগে যেখানে সহজে জয় পাওয়া যায় না। চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা আগে থেকে নেই। তবেই এমবাপ্পে ফুটবলে রাজত্ব করতে পারবে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ এমনই মনে করেন।
ক্লাব ফুটবলে এবং জাতীয় দলের হয়ে এরই মধ্যে এমবাপ্পের বিপক্ষে খেলেছেন ক্রোয়েশিয়া তারকা লুকা মডরিচ। বিশ্বকাপ ফাইনালে লুকা মাঠে থেকেই এমবাপ্পের ফুটবল প্রদর্শনী দেখেছেন। চ্যাম্পিয়নস লিগেও এমবাপ্পের বিপক্ষে খেলছেন মডরিচ। তার প্রতিভা নিয়ে তাই ব্যালন ডি'অর জয়ী মডরিচের সন্দেহ নেই।
রাশিয়া বিশ্বকাপে উদীয়মান ফুটবলার হওয়া এমবাপ্পেকে নিয়ে মডরিচ বলেন, 'বিশ্ব ফুটবলে রাজত্ব করার সব কিছুই আছে এমবাপ্পের মধ্যে। কিন্তু সেই পর্যায়ে যেতে তাকে কোন চ্যাম্পিয়ন ক্লাবে যেতে হবে। যেখানে আবার তার দল সহজে ম্যাচ জিতবে না।'
ফ্রান্স তরুণ এমবাপ্পের দিকে চোখ রাখছে রিয়াল কোচ জিনেদিন জিদান। পিএসজি তারকার রিয়ালে আসার ইচ্ছা এবং সম্ভাবনা দুটোই আছে। যদিও পিএসজি তার সঙ্গে নতুন চু্ক্তির ব্যাপারে আশাবাদী। তবে এমবাপ্পে রিয়ালে আসলে মডরিচের তার সঙ্গে জুটি বাধা হবে কি-না বলা দুষ্কর।
কারণ ৩৫ বছরের প্রান্তে থাকা মডরিচকে ছেড়ে দিতে পারে রিয়াল। যদিও তিনি লস ব্লাঙ্কোসদের হয়ে আরও দুই মৌসুম খেলার ব্যাপারে আশাবাদী, 'আমি রিয়ালেই অবসর নিতে চাই। কিন্তু সেটা নির্ভর করছে ক্লাবের ওপর। আমি মনে করি, এখনও অন্তত দুই মৌসুম আমার সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার সামর্থ্য আছে। এরপর অন্য চিন্তা। দেখা যাক কী হয়।' ফুটবল ছাড়ার পরে কোচিংয়ে নামতে চান মডরিচ। জাতীয় দলের ডাগ আউটে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি।
- বিষয় :
- এমবাপ্পে
- পিএসজি ছাড়তে হবে
- মডরিচ
- রিয়াল মাদ্রিদ
- ফুটবল