ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধোনির প্রশংসায় বাংলাদেশ-শ্রীলংকাকে খোঁচা গম্ভীরের

ধোনির প্রশংসায় বাংলাদেশ-শ্রীলংকাকে খোঁচা গম্ভীরের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৩:৩৬ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৩:৪৭

ভারতকে ওয়ানডে, টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। তার দলের অন্যতম সদস্য ছিলেন গৌতম গম্ভীর। যিনি ২০১১ বিশ্বকাপ এবং ২০০৭ টি-২০ বিশ্বকাপের ফাইনালের নায়ক। কিন্তু দিল্লির এই ব্যাটসম্যান বরাবরই এমএস ধোনির সমালোচক। তবে মাঝে মধ্যে ধোনির প্রশংসাও করেন। এবার যেমন প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-শ্রীলংকাকে খোঁচা দিলেন বিজেপির এই সাংসদ।

তার মতে, ধোনি যদি টপ অর্ডারে ব্যাট করতেন তাহলে তার দখলে থাকতো অনেক রেকর্ড। বিশ্বের অনেক ব্যাটিং রেকর্ডই ভেঙে দিতেন তিনি। এছাড়া নেতৃত্বের চাপ না থাকলে বিশ্ব এতোদিনে অন্য এক ধোনিকে দেখত। বোলাররা তার সামনে দাঁড়াতেই পারত না। বাংলাদেশ, শ্রীলংকার মতো দলের বোলারদের তার বিপক্ষে ভুগতে হতো।

ধোনি টপ অর্ডারে ব্যাট করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। ২০০৫ সালে পাকিস্তান বোলারদের কচু-কাটা করে ১২৩ বলে খেলেন ১৪৮ রানের ইনিংস। ওই বছরই তিনে নেমে শ্রীলংকার বিপক্ষে খেলেন ১৪৫ বলে ১৮৩ রানের হার না মানা ইনিংস। ১৫ চার এবং ১০টা ছক্কা তোলেন ধোনি। তিনে ১৬ ইনিংসে ব্যাট করে ৮২.৭৫ গড় তার। কিন্তু তার ক্যারিয়ার সেট হয়েছে মিডল অর্ডারেই। খেলেছেন ফিনিসার রোলে।

ধোনিকে নিয়ে গম্ভীর তাই বলেন, 'ধোনি যদি তিনে ব্যাট করত আর নেতৃত্ব না দিত, তাহলে ক্রিকেটবিশ্ব অন্য রকম এক খেলোয়াড়কে দেখতে পেত। আরও অনেক রান ও রেকর্ড ভাঙত। রেকর্ড বাদই দিলাম। তিন নম্বরে নামলে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার হয়ে উঠতে পারত ধোনি। ফ্লাট উইকেটে এখনকার শ্রীলংকা, বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ সামনে পেলে অধিকাংশ রেকর্ডই ভেঙে ফেলত।'  খবর-আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

×