ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আফ্রিদির 'অসুখের' চিকিৎসা নেই!

আফ্রিদির 'অসুখের' চিকিৎসা নেই!
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৪:১৯

সাপে কামড়ালে তার চিকিৎসা আছে। কিন্তু আফ্রিদির মধ্যে যে অসুখ ঢুকে বসে আছে তার চিকিৎসা নেই! ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া এমনই মন্তব্য করেছেন। কী আফ্রিদির সেই ব্যাধি? আকাশ চোপড়ার মতে, মনের মধ্যে জেঁকে বসা ভ্রান্ত ধারণা।

দু'দিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মন্তব্য করেন, তার সময়ে ভারতকে হরহামেশা হারাত পাকিস্তান। ভারত হারের পরে পাকিস্তানের কাছে ক্ষমা ভিক্ষা চাইত। শহীদ আফ্রিদির এই মন্তব্য ভালো লাগেনি আকাশ চোড়পার। তিনি তাই পাল্টা দিয়েছেন, আফ্রিদি যে ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে তা শোধরানোর পথ নেই।

আকাশ চোপড়া বলেছেন, 'সাপে কামড়ালে চিকিৎসা হয়। কিন্তু ভুল ধারণার চিকিৎসা সম্ভব নয়।' নিজের ইউটিউবে তিনি বলেন, 'একটা সময়ে পাকিস্তান দল হিসেবে খুবই ভাল ছিল। শারজায় ভারত-পাকিস্তান ম্যাচে তারাই জিততো। কিন্তু তখন তো আফ্রিদি খেলতো না। সেটা ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের জামানা ছিল।

কিন্তু আফ্রিদির অভিষেকের পর থেকে অবসর পর্যন্ত দুই দেশের জয়-পরাজয়ের ছবিটা বদলে গেছে। ওই সময়ে ১৫ টেস্ট পাঁচটি করে জিতেছে দু'দল। ওয়ানডেতে দুই দেশের ৮২ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৪১টি। ভারত ৩৯ ম্যাচে জয় পেয়েছে। দুটো ম্যাচ কম জেতার জন্য ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের কাছে ক্ষমা চাইত বলে মনে হয় না।'

আকাশ চোপড়া দু'দলের বর্তমান পার্থক্য বোঝাতে আরও একটি তথ্য দিয়েছেন। দ্বিপাক্ষিক লড়াইয়ে ভারত পাকিস্তান সমান থাকলেও বিদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলে ভারত পার্থক্যটা পরিষ্কার করে দিয়েছে। চোপড়া বলেন, 'এই ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিতে আসে। আর অস্ট্রেলিয়া গিয়ে হারে পাকিস্তান। দু'দলের পার্থক্য এখন অনেক।'

আরও পড়ুন

×