জাতীয় বক্সিংয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত
যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ১৯:৫৪
জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে এবার প্রথমবারের মতো দেখা যাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী জিনাত ফেরদৌসকে। দেশের হয়ে এর আগে বিভিন্ন আন্তর্জাতিক আসরে লড়লেও এবারই প্রথম জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছেন তিনি। গুডউইল ক্লাবের হয়ে ৫২ কেজি ওজন শ্রেণিতে লড়বেন এই নারী বক্সার।
আগামীকাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় বক্সিং প্রতিযোগিতা। ১৩ ক্যাটাগরিতে এবার পুরুষ ও নারী মিলিয়ে দেশের শীর্ষ বক্সাররা অংশ নিচ্ছেন।
বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘জিনাত এবারই প্রথম জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার সাম্প্রতিক সাফল্য বিবেচনায় ৩০ জুলাই সমাপনী দিনে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।’
পর্তুগালে সদ্যসমাপ্ত ব্র্যাগা ওপেন বক্সিংয়ে ৫০ কেজি বিভাগে সোনা জেতেন জিনাত। এর আগে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপেও সোনা জিতেছেন তিনি। তবে গত এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেললেও তেমন সফলতা পাননি।
এদিকে প্রতিযোগিতার আগে বিতর্কে জড়িয়েছে বক্সিং ফেডারেশন। ‘চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয়’ নামে একটি দল ৪ বিদেশি নারী বক্সারকে অন্তর্ভুক্ত করে নাম পাঠায়। কিন্তু এমন কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে ফেডারেশন। তোপের মুখে ৪ বিদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস
সংবাদ সম্মেলনে এমএ কুদ্দুস বলেন, ‘তারা আমাদের যে তালিকা পাঠিয়েছিল, সেখানে ২ জন শ্রীলঙ্কা, ১ জন আফগানিস্তান ও ১ জন ভুটানের বক্সার ছিলেন। তবে জাতীয় প্রতিযোগিতায় বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারে না। তাই তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
- বিষয় :
- বক্সিং