ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

জাতীয় দলের ক্যাম্প

চমক প্রবাসী ফুটবলার তারিক

চমক প্রবাসী ফুটবলার তারিক
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০১:০৩

জামাল ভূঁইয়ার মতো প্রবাসী ফুটবলার অনেক দিন ধরেই খুঁজে আসছিল বাফুফে। বসুন্ধরা কিংসের কল্যাণে ফিনল্যান্ড ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসা ডিফেন্ডার তারিক রায়হান কাজীতে মুগ্ধ হন কোচ জেমি ডে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ চার ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেতে পারেন তারিক- এমন গুঞ্জনও উঠেছিল। শেষ পর্যন্ত সত্যি হলো গুঞ্জন।

আফগানিস্তান, কাতার, ভারত ও ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গতকাল ঘোষিত ৩৬ সদস্যের প্রাথমিক দলে ডাক পেলেন তারিক রায়হান কাজী। প্রাথমিক ক্যাম্পের ঘোষিত দলে বড় চমক এটাই। তারিক ছাড়া নতুন মুখ হিসেবে ক্যাম্পে ডাক পেয়েছেন পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম, ফরোয়ার্ড এস এম বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রে।

৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় বিশ্বকাপ বাছাই শুরু করবেন জামালরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ এবং শেখ রাসেলের ফরোয়ার্ড আব্দুল্লাহ।

করোনার কারণে প্রিমিয়ার লিগ বাতিল হয়ে যাওয়ায় বসুন্ধরা কিংসের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবুও যে কয়েকটি ম্যাচ খেলেছিলেন এবং তার অতীত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তারিককে ক্যাম্পে ডাকেন জেমি। আর জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার আগে তারিককে পেতে হয়েছিল বাংলাদেশের নাগরিকত্ব। তারিকের বাবা কাজী শহিদুল আলমের বাড়ি নওগাঁয়।

ফিনল্যান্ডের ট্যাম্পেরে শহরের 'ট্যাম্পের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সেখানে জন্ম হয়েছে তারিকের। বাবা বাংলাদেশে নিয়মিত যাতায়াত করলেও ছোটবেলায় মাত্র একবারই দাদার বাড়িতে এসেছিলেন এ ডিফেন্ডার। বসুন্ধরা কিংসের হয়ে খেলতে আসা তারিকের স্বপ্নপূরণ হয়েছে।

আরও পড়ুন

×