ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সামনে কী হবে, জানেন না সালাহ

সামনে কী হবে, জানেন না সালাহ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০৩:৩৫

লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগও ছোঁয়া হলো, এবার কি নতুন কোনো স্বপ্ন বুনছেন মোহামেদ সালাহ। উত্তরটা একেবারে ধাঁধার মতো মনে হবে। স্রেফ বলে দিলেন, কিছুই জানেন না। সালাহ মূলত বর্তমান নিয়েই ভাবছেন, এখন যা হচ্ছে তা উপভোগ করার চেষ্টা করছেন। তাইতো ভবিষ্যৎ নিয়ে পুরোই অনিশ্চিত তিনি।

প্রিমিয়ার লিগে গত মৌসুমের তুলনার এবারও যে খারাপ পারফর্ম করেছেন, সেটাও বলা যাবে না। ১৯ গোলের সঙ্গে ছিল ১০ অ্যাসিস্ট। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের গ্রাফটা আরেকটু ঊর্ধ্বমুখী হলে ভালোই হতো। এসব নিয়ে অবশ্য মাথাব্যথা নেই সালাহর। বললেন, 'আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই, আমি চাই আজকের দিনটা কীভাবে ঠিকঠাক থাকা যায়। আসলে কেউই জানেন না ভবিষ্যতে কী হবে কিংবা কী হতে যাচ্ছে। আমি তাদের একজন, দেখা যাক কী হয় সামনে।'

লিভারপুলের জার্সিতে এতদিনে যা পেয়েছেন তাতে বেজায় খুশি সালাহ। দলের সঙ্গে নিজের অর্জন নিয়েও তুষ্ট এই মিসরীয় তারকা, 'আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম, প্রিমিয়ার লিগও জিতলাম। আমি সত্যিই আনন্দিত। সামনে কী হবে বলতে পারি না। কিন্তু এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে যা পেয়েছি তাতে খুশি।'

নিজের ভালো করার পেছনে কোনো জাদুর ছোঁয়া নেই। তার কাছে পরিশ্রমই প্রধান অস্ত্র। আর লিভারপুলের জার্সি গায়ে পরার আগে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে বিস্তর আলাপ হয়েছে সব বিষয় নিয়ে। অল রেডসদের এই অবস্থানের পেছনে ক্লাবের অবদান অনেক। যেটা সালাহও মানছেন। সেইসঙ্গে নিজের পুরোনো স্মৃতিও রোমন্থন করলেন এভাবে, 'কোনো গোপনীয়তা নেই। আমি ফুটবলের গোপন মন্ত্রে বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম। কেবল আপনার মানসিকতা বদলাতে হবে। আমি এখানে আসার আগে ক্লপের সঙ্গে কথা হয়, তিনি তার সব পরিকল্পনা আমাকে বলেছেন। আমি সব শুনে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ি। সবাই মিলেই আজ ভালো কিছু হচ্ছে।'

আরও পড়ুন

×