ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনসিএলে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা 

এনসিএলে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা 
×

জাতীয় ক্রিকেট লিগ। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১৯:৫৭

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায়। চার ম্যাচের দু’টিতে জয়-পরাজয় দেখা যেতে পারে। এক ম্যাচ ড্র’র পথে। অন্যটি ড্রও হতে পারে জয়-পরাজয়ও দেখা যেতে পারে। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ৩৫১ রান করেছিল। শাহ পরান ১০০ বলে ৯১ রান করে আউট হয়েছিলেন। সাজ্জাদুল ও ইরফান শুক্কুর ফিফটি পেয়েছিলেন। খুলনার সফর আলী ৫ উইকেট নেন। জবাবে নেমে খুলনা বিভাগ ২৮১ রানে অলআউট হয়। খুলনার সৌম্য সরকার ৯২ ও জিয়াউর রহমান ৭৭ রানে আউট হন। ৭০ রানের লিড পায় চট্টগ্রাম।

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ১৬৬ রানে অলআউট হয়ে যায়। মেহেদী রানা ও শেখ মাহেদী তিনটি করে উইকেট নেন। জয়ের জন্য খুলনা ২৩৭ রানের লক্ষ্য পায়। তৃতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৫২ রান করে ফেলেছে খুলনা। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে শেষদিন ১৮৫ রান দরকার খুলনার। জয়ের পথে এগিয়ে তারা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ম্যাচটি রাজশাহী ও বরিশাল দুই বিভাগের হাতেই আছে। বরিশাল প্রথম ইনিংসে ২১২ রান তোলে। রাজশাহী ২৩৫ রান করে ২৩ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে বরিশাল ২৬৮ রান করে। ২৪৬ রানের লক্ষ্য পেয়ে বিনা উইকেটে ৫ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী। 

কক্সবাজারে শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিলেট বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচটি ড্র’র পথেই আছে। তবে শেষ দিন জয়-পরাজয়ও দেখা যেতে পারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিলেট প্রথম ইনিংসে ১৯৯ রান করে। অমিত হাসান  ৯১ রান করে আউট হন। মুকিদুল ইসলাম, রবিউল হাসান ও আব্দুল্লাহ আল মামুন ৩টি করে উইকেট নেন। রংপুর ২৪৫ রান করে ৪৬ রানের লিড নেয়। আবু জায়েদ  ৪টি ও নাবিল সামাদ ৩ উইকেট নেন। 
দ্বিতীয় ইনিংসে সিলেট ৫ উইকেটে ১৭৩ রান করেছে সিলেট। শেষ দিন সিলেটকে দ্রুত গুটিয়ে নিশ্চয় জয়ের চেষ্টা করবে রংপুর। 

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচে ড্র একপ্রকার লেখা হয়ে গেছে। তৃতীয় দিন শেষে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। প্রথম ইনিংসে ময়মনসিংহ ৯ উইকেটে ৩২৩ রান তোলে। মোহাম্মদ নাঈম ৯০ ও শহিদুল ইসলাম ৭৯ রান করেন। জবাবে ঢাকা প্রথম ইনিংসে ৪ উইকেটে ২২৫ রান করেছে। 

আরও পড়ুন

×