টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৯:৪৪ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১০:২৮
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। লম্বা সময় টেস্টে বিরতি কাটিয়ে এই টেস্টে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হারলেও সমস্যা দেখছেন না শান্ত। স্পোর্টিং উইকেটে শুরুতে বড় রান করতে চান তারা।
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার সেই সুখস্মৃতি এখনো সতেজ টাইগার শিবিরে। যদিও দুই দলই বলছে সেই সিরিজ এখন অতীত, তবে রাওয়ালপিন্ডির সেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিতভাবেই প্রেরণা জোগাবে মুশফিক-লিটনদের।
মিরপুরের উইকেটে সাধারণত স্পিনারদের দাপট দেখা গেলেও এবার কিছুটা ভিন্ন পথে হেঁটেছে বাংলাদেশ। একাদশে রাখা হয়েছে তিন জন বিশেষজ্ঞ পেসারকে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানার সঙ্গে একাদশে ফিরেছেন এবাদত হোসেন চৌধুরী। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজ থাকছেন মূল ভরসা হিসেবে।
আগের রাতে হাঁটুর চোটে অভিজ্ঞ বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তান দুই ব্যাটারকে অভিষেক করিয়েছে। অভিষেক হয়েছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
