ফিটনেস নিয়ে প্রশ্নে রোনালদোর পাল্টা
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে রোনালদো। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২৩:৫৯
দারুণ এক দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে পর্তুগাল। দলটির রক্ষণ ও মিডফিল্ড টুর্নামেন্টের অন্যতম সেরা। যে কারণে ডাক হর্স বলা হচ্ছে তাদের। তবে আক্রমণভাগে কিছুটা ঘাটতি রয়ে গেছে। ফ্রান্সিসকো কনসেইকাও, পেদ্রো নেতোরা তরুণ, ততটা ক্লিনিক্যালও নন। বুড়ো হয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের দুই প্রীতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। তবে গোল পাননি রোনালদো। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ যাত্রা শুরু করার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে পর্তুগিজ যুবরাজকে প্রশ্ন করা হয়, তিনি কি ফিট? পাল্টা প্রশ্নে জবাব দিয়েছেন আল নাসর তারকা, ‘শারীরিকভাবে? আপনি কি আমার খেলা দেখেননি? আমি ফিট আছি।’
শীতল কণ্ঠে আরও কড়া উত্তর দিয়েছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ, ‘রোনালদো ২০৩০ বিশ্বকাপও খেলতে পারে। এটা নিয়ে কারো সন্দেহ করা উচিত নয়। সে সর্বদা ক্ষুধার্ত। একটা ম্যাচ, শিরোপা জয়ের পরের ম্যাচে সে একই ক্ষুধা নিয়ে খেলতে নামে। পর্তুগালের তরুণ ফুটবলারদের মধ্যে আমরা তার আদর্শ ছড়িয়ে দিতে চাই।’
রোনালদো জানিয়েছেন, তাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়েছে। দারুণ একটা প্রজন্ম পেয়েছে পর্তুগাল। বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছেন পাঁচটি ব্যালন ডি’অর জয়ী তারকা, ‘আমরা বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। এটা সবসময়ই বিশেষ টুর্নামেন্ট। আমরা ভালো কিছুর আশা নিয়েই শুরু করবো।’
এক সময় মনে করা হতো রোনালদো অবসর নিলে পর্তুগালের ফুটবল কিছুটা পিছিয়ে যাবে। তবে ভিতিনহা, জোয়াও নেভাসদের সঙ্গে কনসেইকাওদের মতো প্রজন্ম এরই মধ্যে জানান দিয়েছেন, নতুনরা ভার কাঁধে নিতে প্রস্তুত। রোনালদোও মনে করেন, পর্তুগালের উঠতি প্রজন্ম দেশটির ভক্তদের অনেক আনন্দ দেবে।
