আবারও সেই রোনালদো, আবারও ‘ইটস কামিং হোম’
বিশ্বকাপ অভিযান শুরুর আগে গা গরম করেন পর্তুগাল ও ইংল্যান্ডের ফুটবলাররা। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২১:১৪ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ২১:২৯
বিশ্বকাপের ম্যাচে বুধবার রাতে এমন দুটি দল মাঠে নামছে, যাদের নাম শুনলেই ‘খরা’ শব্দটি মাথায় আসে। শিরোপা খরা কাটানোর স্বপ্নে ইংল্যান্ডের সমর্থকদের কাছে একটি গান রীতিমতো ‘জাতীয় সংগীত’ হয়ে গেছে- ‘উই স্টিল বিলিভ, ইটস কামিং হোম’।
গানটি প্রকাশ পেয়েছিল ১৯৯৬ সালের ইউরোর সময়। তখন থেকে ইংল্যান্ড সমর্থকদের কাছে একটি বিশ্বকাপ শিরোপার রূপক হয়ে যায় গানের কথাগুলো। রাত ২টায় থ্রি লায়নসরা সেই অপূর্ণতা ঘোচানোর অভিযান শুরু করবে। টেক্সাসে তাঁদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।
এর ঠিক তিন ঘণ্টা আগে মাঠে নামবে পর্তুগাল ও ফুটবলের বৈশ্বিক মুকুটহীন রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠ আসর খেলতে নামা রোনালদোর এখনো ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। হিউস্টনে কঙ্গোর বিপক্ষে মাঠে নামলে এই ‘৬’ সংখ্যাটাই তাঁকে ইতিহাসের পাতায় যুক্ত করবে।
৪১ বছর বয়সী রোনালদোর সামনে এরইমধ্যে ব্যক্তিগতভাবে বড় চ্যালেঞ্জ নির্ধারণ করে দিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপ শুরু করেছেন। যৌথভাবে নাম লিখিয়েছেন সর্বোচ্চ গোলকারীর তালিকায়। এমন আবহে রোনালদোকে নেতৃত্ব দিতে হবে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নির্ধারণ করা পর্তুগালকে।
অন্যদিকে কয়েকটি বড় টুর্নামেন্টে ভালো করেও শিরোপা ছুঁতে না পারা ইংল্যান্ড আসরের অন্যতম ফেবারিট। ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারার ইতিহাসও দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে। অধিনায়ক হ্যারি কেন সতীর্থদের আহ্বান জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে যেন তারা চাপমুক্ত থেকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন।
হ্যারি কেন বলেন, ‘নিশ্চিতভাবেই এটি শিরোপা জেতার অন্যতম বড় সুযোগ। আমার বার্তা হলো- মন খোলা রাখতে হবে, চাপমুক্ত থাকতে হবে।’
কানাডার টরন্টোতে অন্য ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় মুখোমুখি হবে ঘানা ও পানামা।
