ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনার ‘ডার্ক আর্ট’ নিয়ে সতর্ক রদ্রি

আর্জেন্টিনার ‘ডার্ক আর্ট’ নিয়ে সতর্ক রদ্রি
×

বিশ্বকাপের ফাইনাল খেলবে স্পেন ও আর্জেন্টিনা। ছবি: ফক্স স্পোর্টস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:৪১ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২১:১২

ছোট ছোট পাস, নিচ থেকে খেলা সাজানো, প্রতিপক্ষের অর্ধে চাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য ফাউল-ট্যাকল এড়িয়ে চলা; এমন  ফুটবলের জন্য পরিচিতি আছে আর্জেন্টিনার। লাতিন দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ‘ভদ্রস্ত’ ফুটবল খেলে; এমন কথাও কথা হয়। কারণ লাতিনের কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, এমনকি ব্রাজিলের মতো দলও অত্যন্ত শারীরিক ফুটবলে পারদর্শী।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ‘ভদ্রস্ত’ কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে। ইংল্যান্ডের বিপক্ষেই যেমন প্রথমার্ধে আর্জেন্টিনার খেলার ধরন ছিল প্রচন্ড শারীরিক। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টিনা ‘ডার্ক আর্টের’ ৩১টি পন্থা অবলম্বন করেছে। পেছন থেকে ফাউল করা, মুখে আঁচড় কাটা, জার্সি টেনে ধরা, গোলরক্ষককে ধাক্কা দেওয়ার মতো ফাউল ছিল ম্যাচে। আবার মেসিকে ফাউলের শিকার হতেই তেড়ে আসার সর্ব প্রস্তুতিও ছিল।

আর্জেন্টিনা কতটা শারীরিক ফুটবল খেলেছে এবং ‘ডার্ক আর্ট’ প্রয়োগ করেছে; ছোট্ট একটা পরিসংখ্যানে তা স্পষ্ট হতে পারে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ৮৮ ফাউল করা দল আর্জেন্টিনা। পরের চার দেশ হলো সুইজারল্যান্ড ৮৭, স্পেন ৮০, বেলজিয়াম ৭৮ ও ইংল্যান্ড ৭৪।

নকআউট পর্বের বড় ম্যাচ আসতেই যেমন স্কালোনি তার ‘ডার্ক আর্টের’ সেরা ছাত্র লিয়ান্দ্রো পারেদেসকে একাদশে নিয়মিত করেছেন। বাড়তি শারীরিক সক্ষমতা যোগ করতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কোচ মিডফিল্ডে খেলিয়েছেন জিওভান্নি সিমিওনেকে।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে দলটির তারকা মিডফিল্ডার রদ্রি সতীর্থদের আলবিসেলেস্তেদের শারীরিক ফুটবল নিয়ে সতর্ক করেছেন। শারীরিক ফুটবলের বিপক্ষে প্রস্তুতও রদ্রিরা। তবে স্কালোনি-মেসির আর্জেন্টিনা ‘সস্তা ডার্ক আর্ট’ এর পন্থা অবলম্বন করবে না; এমনই প্রত্যাশা ম্যানসিটি মিডফিল্ডারের।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্পেনের ইউরো ও ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার বলেন, ‘ম্যাচটি একেবারেই ভিন্ন ধাঁচের হতে যাচ্ছে। আর্জেন্টিনা অত্যন্ত শারীরিক ও গতিময় ফুটবল খেলবে। সেজন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। এই স্পেনের বড় গুণ হলো, আমরা প্রতিপক্ষের যেকোনো কৌশলের বিরুদ্ধে মানিয়ে নিতে পারি। আমরা যেমন রক্ষণ সামলাতে পারি, কাউন্টার-অ্যাটাক করতে পারি, অল-আউট আক্রমণেও যেতে পারি। যে কারণে স্পেন পরিপূর্ণ দল এবং আজ ফাইনালে দাঁড়িয়ে।’

আর্জেন্টিনা সস্তা ডার্ক আর্টের আশ্রয় নেবে না, এমনই বিশ্বাস রদ্রির। কিন্তু যদি নেয়ও, তার জন্যও প্রস্তুত স্পেন। বিষয়টি পরিষ্কার করে রদ্রি বলেন, ‘দেখুন, আমি বিশ্বাস করতে চাই আর্জেন্টিনা নিজেদের সবটুকু উজাড় করে খেলবে এবং সস্তা কোনো কৌশলের আশ্রয় নেবে না। তবে মাঠের পরিস্থিতি যদি তেমন হয়ও, আমাদের কাজ হবে মাথা ঠান্ডা রাখা। কোনভাবেই প্ররোচনায় পা না দিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রকৃত খেলাটা খেলে যাওয়া।’

টুর্নামেন্টে স্পেন সেরা খেলাটা ফ্রান্সের বিপক্ষে খেলেছে উল্লেখ করে রদ্রি জানান, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের আরও ভালো খেলতে হবে, ‘সব ম্যাচে আপনি একই স্পেনকে দেখতে পাবেন না। ফ্রান্সের বিপক্ষে আমরা এখন পর্যন্ত দল হিসেবে সেরা খেলাটা খেলেছি। তবে আর্জেন্টিনার বিপক্ষে আমাদের লেভেল আরেকটু বাড়াতে হবে। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন। আমি আত্মবিশ্বাসী, আমরা সেই খেলাটা খেলতে পারব। আমাদের আরো একটু ভালো করার সুযোগ আছে।’

আরও পড়ুন

×