ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মালয়েশিয়াকে ৮৯ রানে হারাল এইচপি

মালয়েশিয়াকে ৮৯ রানে হারাল এইচপি
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:০৮

মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে এইচপি। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

ওপেনিংয়ে জিসান আলমের সঙ্গে নামেন জাওয়াদ। তবে ৭ বলে কোনো রান না করেই ফেরেন জিসান। অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জাওয়াদ। ১৮ বলে ২৮ রানের ঝলমলে ইনিংসে একাধিক বাউন্ডারি হাঁকিয়ে দলকে দ্রুত এগিয়ে দেন তিনি। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। জাওয়াদের বিদায়ের পর সাব্বির রহমান ও প্রীতম কুমার জুটি গড়লেও বেশিক্ষণ টেকেনি সেই জুটি। ৭ বলে ৪ রান করে প্রীতম ফেরার পর সাব্বিরও ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন।

সেখান থেকে দলকে সামলে তোলেন আবদুল গাফফার সাকলাইন ও এস এম মেহেরব হোসেন। দুজনের ব্যাটে ফেরে রানের গতি। সাকলাইন ২৬ বলে ৩২ রান করে আউট হন। আবু হায়দার রনি করেন ৩ বলে ১ রান। রাকিবুল হাসান ৪ বলে ৪ রান করে ফেরেন ১৪৭ রানে।

শেষ দিকে মেহেরবের ব্যাটে দ্রুত রান আসতে থাকে। ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে শেষ ওভারের আগেই ফেরেন এইচপি অধিনায়ক। শেষ পর্যন্ত ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী। নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন ৩ উইকেট।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। গোল্ডেন ডাক দিয়ে ফেরেন মালয়েশিয়ার এই ব্যাটার। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বলে কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।

তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান। এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে ফেরেন মোহাম্মদ রুবেল হাসানের বলে। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও মোহাম্মদ রুবেল হাসান নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন ও এস এম মেহেরব হোসেন। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, একই মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আরও পড়ুন

×