ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
×

ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৫:৪১

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ঘিরে যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল, ম্যাকাইয়ে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। প্রথম দিনের পর এবার দ্বিতীয় দিনের সব টিকিটও বিক্রি হয়ে গেছে। ফলে রোববারও দর্শকে কানায় কানায় পূর্ণ থাকার অপেক্ষায় গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা।

ম্যাকাইয়ে টেস্ট অভিষেকের আগে থেকেই ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের সব টিকিট ম্যাচ শুরুর চার দিন আগেই বিক্রি হয়ে যায়। এবার প্রথম দিনের রোমাঞ্চকর লড়াইয়ের পর দ্বিতীয় দিনের টিকিটও শেষ হয়ে গেছে।

প্রথম দিনেই দুই দলের পেসারদের দাপটে পড়েছে ১৮টি উইকেট। মিচেল স্টার্ক ও শরিফুল ইসলাম নিয়েছেন ৬টি করে উইকেট। স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়াও স্বস্তিতে থাকতে পারেনি। শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে একসময় ৪১ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ সেশনে আবারও শরিফুলের আগুনঝরা বোলিংয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ১৪৫ রানে ৪ উইকেট থেকে মাত্র ১৪৮ রানেই অষ্টম উইকেট হারায় তারা। দিন শেষে দুই উইকেট হাতে রেখে ১০১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে চলে গেলেও বাংলাদেশের সামনে এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। প্রথম দিনের নাটকীয়তার পর দ্বিতীয় দিনের খেলায় কী হয়, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক পোস্টে তারা জানিয়েছে, ম্যাকাইয়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের জন্য সাধারণ দর্শকদের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন

×