দ্বিতীয় দিনেই পাহাড়সম লিড নিল ভারত
ডাবল সেঞ্চুরি করে ফিরে যাওয়া মায়াঙ্ক আগারওয়ালকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও স্পিনার মেহেদি মিরাজ। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ২২:৩৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ | ০৬:০৯
ড্রেসিংরুম থেকে ইশারায় মায়াঙ্ক আগারওয়ালের কাছে একটা ডাবল সেঞ্চুরি চেয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মায়াঙ্ক ওকে সিগনাল দেখিয়েছিলেন। ছক্কা মেরে কোহলিকে সেই ডাবল সেঞ্চুরি উপহার দেন ভারতীয় ওপেনার। এরপরই অবশ্য কোহলি অভিনন্দনের সঙ্গে মায়াঙ্ককে ট্রিপল সেঞ্চুরির নির্দেশনা দেন। তবে মায়াঙ্ক আগারওয়াল ফেরেন ২৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তার ওই ইনিংসে ভর করে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৯৩ রান তুলেছে ভারত। লিড নিয়েছে ৩৪৩ রানের। তারপরও ইনিংস ঘোষণা না করে তৃতীয় দিন সকালে ব্যাট করবেন না-কি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাবেন সেই প্রশ্ন জিউয়ে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ইন্দোর টেস্টের আগের দিন বাংলাদেশ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেছিলেন, টেস্টে প্রত্যেক দলের সামনেই ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার একটা সুযোগ আসে। প্রথম টেস্টে টস জেতা, ভারতের ওপেনার রোহিত শর্মাকে ৬ রানে এবং অধিনায়ক বিরাট কোহলিকে শূন্য রানে ফেরানো ছাড়া প্রথম দুই দিনে আর কোন প্রাপ্তি নেই বাংলাদেশের। অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে মিস করা ক্যাচগুলো আক্ষেপ হয়েই থাকবে বাংলাদেশ দলের কাছে।
ইন্দোরে টস জিতে ব্যাট নেওয়া বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়। জবাবে ব্যাটে নামা ভারত ইনিংসের শুরুতে আবু জায়েদের বলে রোহিতকে হারানোর পর মায়াঙ্ক আগাওয়াল এবং তিনে নামা চেতেশ্বর পূজারায় ভর করে ৯১ রানের জুটি গড়ে। দ্বিতীয় দিনের শুরুতে ৫৪ করে ফিরে যান পূজারা। ক্রিজে এসেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দুই বল খেলে শূন্য করে আউট হন। আবু জায়েদের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়ে তাকে সাজঘরে ফেরায় বাংলাদেশ।
এরপর ক্রিজে এসে আজিঙ্কা রাহানে দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে জমাট জুটি গড়েন। তারা দু'জন ১৯০ রান যোগ করেন। সেঞ্চুরির পথে থাকা রাহানে ৮৬ রানে আউট হন। তাকেও ফেরান আবু জায়েদ। তবে মায়াঙ্গ আগারওয়ালকে কোণঠাসা করতে পারেনি বাংলাদেশের পেসার কিংবা স্পিনাররা। তিনি ক্যারিয়ারের ১২তম ইনিংসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন। দারুণ ওই ইসিংস খেলার পথে ২৮টি চার ও আটটি ছক্কা মারেন। মায়াঙ্গ ফিরে যাওয়ার পরে ১২ রানে ফেরেন ঋদ্ধিমান সাহ। তবে অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ৬০ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষ করেন। তাকে সঙ্গ দিয়ে ১০ বলে ২৫ রান করেন উমেশ যাদব।
এর আগে প্রথম দিনের সকালের পেস সহায়ক উইকেটে ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের নতুন বলের ছোবলে ৩১ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। পরে মুমিনুল ও মুশফিক ৬৮ রানের জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন। কিন্তু মুমিনুল ৩৭ এবং মুশফিক ৪৩ রানে বিদায় নিলে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ। ভারতের তিন পেসার মিলে প্রথম ইনিংসে নেন সাত উইকেট। মোহাম্মদ শামি দখল করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। এছাড়া অশ্বিন নেন দুই উইকেট। বাংলাদেশের হয়ে আবু জায়েদ নিয়েছেন চার উইকেট। মিরাজ এবং ইবাদত একটি করে উইকেট নিয়েছেন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- ইন্দোর টেস্ট