ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

অধিনায়কের কাছে এটা স্বপ্নের এক দল: কোহলি

অধিনায়কের কাছে এটা স্বপ্নের এক দল: কোহলি
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৬:৪০

হাসি দিয়ে শুরু করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। 'কী বলবো, অসাধারণ পারফরম্যান্স।' ঘরের মাঠে টানা ১৩ টেস্ট জয় পেয়েছেন ভারতীয় অধিনায়ক। হাসি তার মুখেই মানায়। এরপর ম্যাচ শেষে বলার মতো কিছু খুঁজে না পাওয়া কোহলি বলে ফেললেন অনেক কথা। জানালেন যেকোন অধিনায়কের জন্য এটা স্বপ্নের এক দল। তবে জাসপ্রিত বুমরাহকে মিস করার কথাও বললেন তিনি।

বিরাট কোহলি বলেন, 'খুবই পেশাদার ব্যাটিং। আমরা পাঁচ ব্যাটসম্যান নিয়ে খেলেছি। একজন রান করার দায়িত্ব নিয়েছে। সামনে দেশের বাইরে সিরিজ অপেক্ষা করছে। আমরা তাদের থেকে এমনই পারফরম্যান্স প্রত্যাশা করি। তাদের টুপি খোলা অভিনন্দন। পেসাররা যেভাবে বোলিং করেছেন তাদের জন্য সব উইকেটই যেন বোলিং সহায়ক। জাসপ্রিত দলে নেই। তবে যেকোন অধিনায়কের জন্য এটা স্বপ্নের দল। দলের জয়ের জন্য শক্ত বোলিং আক্রমণ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের পারফরম্যান্সের পরিসংখ্যান-রেকর্ড এগুলো বইয়ে আছে। অন্যরা এগুলো দেখবে। আমাদের মনোযোগ ওদিকে নয়।'

ভারতের খেলার ধরণ ভবিষ্যত ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার বলে মনে করেন কোহলি। তার মতে, তার দল যেভাবে, যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে ভারতের ক্রিকেট আরও মানসম্মত হচ্ছে, 'ক্রিকেটারদের মাইন্ডসেট ঠিক করার ব্যাপারটা খুবই সিম্পল। তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ম্যাচে এসে বড় রান পাওয়া কত কঠিন তা আমি জানি। সিনিয়র ক্রিকেটার হিসেবে তাদের বড় রান করার পথ বাতলে দিতে হবে আমাদের। আমি চাই তারা যেন ভুল না করে। তরুণদের বিশ্বমানের ক্রিকেটার হওয়ার পথ দেখিয়ে দিতে চাই আমরা।'

বাংলাদেশ এবং ভারত প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলবে। সঙ্গে ইডেনে দিব-রাত্রির টেস্টে মুখোমুখি হবে দু'দল। ওই টেস্ট নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, 'গোলাপি বলের টেস্ট দারুণ উচ্ছ্বাসের ব্যাপার হতে যাচ্ছে। ব্যাটসম্যানদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতীয়দের মধ্যে আমরাই প্রথম গোলাপি বলে টেস্ট খেলবো ভেবে খুবই ভালো লাগছে। মাঠে দর্শকও হচ্ছে দারুণ। আমরা যখন ক্লান্ত হয়ে পড়বো, আমাদের থেকে সেরাটা বের করে আনতে তারা আমাদের তাগাদা দেবে।'

আরও পড়ুন

×