দল নকআউটে উঠলেও আনচেলত্তি আউট
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৯
ক্লাব ফুটবলের সমৃদ্ধ কোচদের মধ্যে প্রথম সারিতে আছেন কার্লো আনচেলত্তি। সেই কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ার ক'বছর ধরে উল্টো রথে ঘুরছে। স্থায়ী হতে পারছেন না কোন ক্লাবে। মঙ্গলবার রাতে ইতালিয়ান এই কোচকে বরখাস্ত করেছে নাপোলি। অথচ মঙ্গলবার রাতেই গেঙ্কের বিপক্ষে ৪-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে নাপোলি।
কার্লো আনচেলত্তি এর আগে জুভেন্টাস, চেলসি, পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে এসি মিলানে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া জুভেন্টাস, চেলসি, রিয়াল কিংবা বায়ার্নে তার কোচিং ক্যারিয়ার লম্বা হয়নি। তবে এসি মিলানের হয়ে দুটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ জিতে তিনি নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। মাত্র তৃতীয় কোচ হিসেবে তিনটি ইউরোপ সেরার ট্রফি জেতেন।
বরখাস্ত হওয়ার ব্যাপারে নাপোলি কোচ বলেন, 'আমি পদত্যাগ করিনি। নিজ থেকে আমি পদত্যাগ করবো বলেও মনে হয়না। আগামীকাল আমি লউরেন্তিসের সঙ্গে সাক্ষাৎ করবো।' কার্লো আনচেলত্তি ছাঁটাই হওয়ার পরপরই তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তিনি ইংলিশ লিগ আর্সেনালের কোচ হতে পারেন বলে গুঞ্জন উঠেছে। কিন্তু সাবেক কোচ গ্রিম সোনেস মনে করেন, কার্লোর মতো বড় কোচ এই সময় আর্সেনালের মতো ধুঁকতে থাকা দলের দায়িত্ব নেবে বলে মনে হয় না।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- কার্লো আনচেলত্তি
- নাপোলি
- বরখাস্ত
