আবারও অধরা সেঞ্চুরি
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ১৩:১৮
শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। শুক্রবারও তিন অঙ্কের সেই আরাধ্য ম্যাজিক ফিগার স্পর্শ করা হলো না মুশফিকুর রহিমের। ৫৭ বলে অপরাজিত ৯৮ রান নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। তবে ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করা না হলেও মুশফিকের দুর্দান্ত এ ইনিংসে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২ উইকেটে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স। মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। উনিশতম ওভারে একটি সিঙ্গেল নিতে গিয়ে মাংসপেশিতে টান খেয়ে মাঠ ছাড়ার আগে ৪৫ বলে ৭৪ রানের চমৎকার ইনিংস খেলেন মিরাজ।
শুক্রবার মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন শেরেবাংলায় উপস্থিত প্রায় সবাই। তাই তো সেঞ্চুরি না হওয়ার পর বোলার সৌম্য সরকার পর্যন্ত মুশফিকের পিঠ চাপড়ে সান্ত্বনা দিয়ে যান। তার পরও কি এ আক্ষেপ দূর হয়! বিপিএল শুরুর ঠিক আগে আগে সমকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুশফিক বলেছিলেন, এবার অন্তত একটা সেঞ্চুরি তার চাই-ই চাই। কিন্তু দু-দু'বার দ্বারপ্রান্তে গিয়েও হলো না। ১৭ ডিসেম্বর চট্টগ্রামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯৬ রানে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন। সেই তরতাজা স্মৃতির কারণেই শুক্রবার মনে হচ্ছিল, এবার হয়তো আর মন ভাঙবে না। আর সৌম্য সরকারের করা শেষ ওভারের দ্বিতীয় বলে চার মারার পর তো সেঞ্চুরি অনেকটা নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু চতুর্থ বলে নাজিবউল্লাহ জাদরান রান নিতে না পারায় হঠাৎ করেই শঙ্কাটা জাঁকিয়ে বসে। পঞ্চম বলে নাজিবউল্লাহ এক রান নেওয়ায় শেষ একটা সুযোগ পেয়ে যান মুশফিক। তখন তার রান ৯৭, একটি চার হলেই হয়ে যাবে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। কিন্তু সৌম্যর ফুলটসটা ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি মুশফিক। চারের বদলে উল্টো সৌম্যর হাতে ক্যাচ চলে গিয়েছিল। সৌম্য অবশ্য সেটা ধরতে পারেননি। এখানে একের বেশি রান নেওয়ার সুযোগই ছিল না। ওই একটি রান যেন পুরো স্টেডিয়ামে হতাশা নিয়ে আসে।
তবে ইনিংসের শেষ বলে ব্যর্থ হলেও শুক্রবার বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছিলেন মুশফিক। ১২টি চার ও ৩টি ছয়ে ইনিংসটি সাজান তিনি। ৩৩ রানে ২ উইকেট পতনের পর মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। এরপর তারা দু'জন মিলে কুমিল্লার বোলারদের নাভিশ্বাস তুলে ছাড়েন। এক মুজিব-উর রহমান ছাড়া কুমিল্লার আর কোনো বোলার তাদের সামনে দাঁড়াতেই পারেননি। ১৫.১ ওভারে ১৬৮ রানের জুটি গড়েন তারা, যা এবারের বিপিএলের সর্বোচ্চ। মিরাজ হাফ সেঞ্চুরি করেন ৩৩ বলে। আর মুশফিক ৩৯ বলে পঞ্চাশে পৌঁছানোর পর বোলারদের ওপর তাণ্ডব চালান।
- বিষয় :
- মুশফিকুর রহিম
