ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরিজের প্রতীক্ষিত মডেল আইফোন এয়ার

সিরিজের প্রতীক্ষিত মডেল আইফোন এয়ার
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:২৯

আইফোনের নতুন সিরিজে যে মডেলের জন্য বেশির ভাগ অ্যাপলভক্ত উদ্‌গ্রীব, সেটি হলো মডেল এয়ার। দীর্ঘ প্রতীক্ষার পর মডেলটি এখন গ্রাহকের হাতে হাতে পৌঁছানোর অপেক্ষায়। আইফোন সিরিজে এবারই প্রথম যুক্ত হলো এয়ার মডেল।

অনেকে বলছেন, নতুন আইফোন সিরিজ কতটা পছন্দের হবে সবার কাছে, তা সময়ই বলে দেবে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আইফোনের নতুন সিরিজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অনেকে বলেছেন, অ্যাপল আইফোনের নতুন সিরিজের মডেলে বেশ কিছু নতুনত্ব সামনে নিয়ে এসেছে। আবার অনেকের কাছে এটি শুধুই নিয়মরক্ষার উন্মোচন আর বাণিজ্যিক বিপণন কৌশলের ধারাবাহিকতা ছাড়া একেবারেই বিশেষ কিছু নয়।

পাতলা অবয়ব

আগের যে কোনো সময়ের তুলনায় একে স্লিমেস্ট আইফোন বলে তকমা দেওয়া হয়েছে। ওজন ১৬৫ গ্রাম। অন্যসব মডেলের তুলনায় এটি অনেকাংশে হালকা।

আইফোনের প্রো মডেলে অ্যালুমিনিয়াম কেসিং ব্যবহার করা হলেও এই মডেলের জন্য টাইটেনিয়াম কেসিং ব্যবহার করেছে। রিয়ারে রয়েছে সিরামিক শিল্ড গ্লাস। অন্যদিকে, ফ্রন্টেও রয়েছে সিরামিক শিল্ড। বাইরের আঘাত থেকে ফোনকে বাড়তি সুরক্ষা দেওয়ার জন্যই এমন ডিজাইন করা হয়েছে।

মডেলে রয়েছে অ্যাপল সিলিকন এ১৯ প্রো চিপ, নেই সিমকার্ড স্লট। চার্জ হবে ইউএসবি সি স্লটে। ক্যামেরা নিয়ন্ত্রণ, অ্যাকশন বাটন থেকে শুরু করে অন্যসব বাটন বাকি মডেলের মতোই। ডিসপ্লে হবে ৬.৫ ইঞ্চির। মডেল এয়ারে ১২০ হার্টজ প্রমোশন ডিসপ্লে রয়েছে।

ব্যাটারি লাইফ বাড়াতে বিশেষভাবে গবেষণা ও উন্নয়ন করেছে অ্যাপল। ব্লুটুথ এবং ওয়াইফাই সংযোগের জন্য নতুন ওয়্যারলেস নেটওয়ার্কিং চিপ সংযুক্ত করা হয়েছে আইফোন এয়ারে। ফলে হটস্পট আর এয়ারড্রপের পারফরম্যান্সে আগের তুলনায় গ্রাহককে সন্তুষ্ট করবে।

স্বনিয়ন্ত্রিত ক্যামেরা

ক্যামেরা স্লট ও ক্যামেরার ডিজাইনে নতুনত্ব দৃশ্যমান হবে এয়ার মডেলে। ক্যামেরা বৈশিষ্ট্যে রয়েছে সিঙ্গেল লেন্স ৪৮ মেগাপিক্সেল ফিউশন। কয়েকটি ফোকাল লেন্থে ছবি তোলা যাবে সহজে। এই মডেলে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে। যেখানে প্রথম স্কোয়ার ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। অ্যাপল জোর দিয়ে বলেছে, ক্যামেরা লেন্থের কারণে অনেক বেশি অংশজুড়ে ছবি ক্যামেরাবন্দি করা সম্ভব হবে। ল্যান্ডস্কেপ রেজল্যুশনে ছবি ও ভিডিওকে নিখুঁত আর ঝকঝকে করবে বিশেষ লেন্স। 

কনটেন্ট ক্রিয়েটরদের কথা বিবেচনা করে এমন সুবিধার সমন্বয় করেছে অ্যাপল। থাকবে এআই ঘরানার পরিষেবা। নির্দিষ্ট ফ্রেমে ঠিক কতজন রয়েছেন, তা নিজে থেকেই বুঝে রেজল্যুশন বদলে ফেলতে পারে স্বনিয়ন্ত্রিত ক্যামেরা।

আরও পড়ুন

×