ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেটা গাইডলাইন

আপডেট পৌঁছাবে শুধু নির্বাচিত ব্যক্তির কাছে

আপডেট পৌঁছাবে শুধু নির্বাচিত ব্যক্তির কাছে
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১২:০৮

সাধারণ মেসেজিং অ্যাপ থেকে ক্রমে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলছে বহুল ব্যবহৃত হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রামের মতো করে স্ট্যাটাস আপডেটের কাস্টম তালিকা বানানোর ফিচার নতুন করে আলোচনার প্রসঙ্গ সামনে এনেছে। চাইলে এখন থেকে এই অ্যাপে দেওয়া নিজের একান্ত স্ট্যাটাস আপডেট শুধু পছন্দের ও নির্বাচিত কিছু ব্যক্তির (কন্ট্যাক্ট) কাছেই পৌঁছাবে। আগের মতো সব কন্ট্যাক্টের কাছে চলে যাবে না। চাইলে বা প্রয়োজনে আলাদা করে স্ট্যাটাস ভিন্ন কায়দায় কিউরেটেড কন্ট্যাক্ট লিস্টের জন্য আপডেট করার সুবিধা পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড (২.২৬.৫.১১) সংস্করণের হোয়াটসঅ্যাপ বেটাতে এমন পরিষেবা পাওয়া যাবে। সেখানে স্ট্যাটাস আপডেটের প্রাইভেসি সেটিংসে গেলেই মিলবে নির্দিষ্ট স্ট্যাটাসের জন্য সুনির্দিষ্ট কিউরেটেড তালিকা নির্বাচন করার অপশন। তারপর আলাদা করে সেই লিস্ট বানিয়ে নির্বাচন করলেই কাজ হয়ে যাবে।

নতুন এই ফিচার অনেকাংশে ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডের মতো পরিষেবা দেবে। আপাতত এটি উন্নয়নে আঁতুড়ঘরে রয়েছে। এটি অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে পাওয়া গেলেও পূর্ণ আপডেট সংস্করণ ঠিক কবে নাগাদ উন্মুক্ত হবে, তার সঠিক দিনক্ষণ এখনও জানা যায়নি।

অ্যাপ বিশেষজ্ঞরা বলছেন, ফিচারটি চালু হলে আগ্রহীরা নিজেদের স্ট্যাটাস জোরালো নিয়ন্ত্রণের সঙ্গে শেয়ার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

আনন্দঘন মুহূর্ত, কাছের বন্ধুদের জন্য তাৎক্ষণিক আপডেট বা নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস– সবকিছু করা বেশ সহজ হবে। ফলে এই অ্যাপের নতুন ফিচারটি উন্মুক্ত হলে আগের তুলনায় কাস্টমাইজড ও ব্যক্তিনির্ভর চাহিদা পূরণ করবে।

এক অ্যাপে সব ধরনের সুবিধাকে সংযুক্ত করা হবে– এমন প্রত্যয়ে কাজ করছে উদ্ভাবনী সংস্থা মেটা। এই অ্যাপে সময়ের ব্যবধানে যুক্ত করা হবে যে কোনো মেসেজিং অ্যাপের সুবিধা।

আরও পড়ুন

×