কনটেন্ট তৈরিতে আগামীর চ্যালেঞ্জ
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:২৯
ডিজিটাল স্টোরিটেলিং ও সাংবাদিকতা নিয়ে শিক্ষার্থীর জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগিতায় মাস্টারক্লাস অন জার্নালিজম অ্যান্ড ডিজিটাল উদ্যোগ নিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম। এটি বাস্তবায়নে টিকটকের উদ্যোগে নর্থ সাউথ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা কাজ করছেন। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে দায়িত্বশীলভাবে এই প্ল্যাটফর্মের মতো ব্যবহার, ব্যাখ্যামূলক ভিডিও, জনসচেতনতামূলক ও তথ্যভিত্তিক কনটেন্ট তৈরির বিষয় সামনে আসে।
এ ছাড়া সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক সাংবাদিকতা, দর্শকের সঙ্গে সংযোগ, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও নৈতিকভাবে কনটেন্ট তৈরির বেশ কিছু বিষয়ে শিক্ষার্থীরা যেন জানতে পারে, সে বিষয়ে কাজ করছে এই প্ল্যাটফর্ম। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, আমাদের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সঙ্গে টিকটক সংযোগ তৈরি করছে। এটি আমাদের শিক্ষার্থীর আগামীর জন্য নতুন সুযোগ তৈরি করবে। সাংবাদিকতা, গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে এ উদ্যোগ সহায়ক হবে।
মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. হারিসুর রহমান বলেন, সাংবাদিকতার পড়াশোনা এখন আর শুধু প্রচলিত রিপোর্টিং ও যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের লক্ষ্য শিক্ষার্থীকে শুধু নিউজ রুমের জন্য নয়; বরং মিডিয়া, কমিউনিকেশন ও তথ্যভিত্তিক কনটেন্ট তৈরির জন্য প্রস্তুত করা।
টিকটকের এপ্যাক ও মেটাপিএসএইই অঞ্চলের ট্রাস্ট অ্যান্ড সেফটি অ্যান্ড টেক কমিউনিকেশন লিড ইমাদ জাফর বলেন, মানুষ নতুন আইডিয়া জানতে, শিখতে ও নতুন গল্পের সঙ্গে যুক্ত হতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। আমরা শিক্ষার্থীকে এমন দক্ষতা শেখাতে চাইছি, যেন তারা সাংবাদিকতার মূল নীতি, নির্ভুলতা, তথ্য যাচাই, জবাবদিহি, জনস্বার্থ মেনে সৃজনশীল ও দায়িত্বশীলভাবে শর্ট ভিডিও তৈরি করতে পারে।
- বিষয় :
- ডিজিটাল