বিসিএস বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিসিএস বার্ষিক সাধারণ সভা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩ | ১১:৪১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৫
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয়ে এবং এমআরপি নীতিমালা বাস্তবায়ন, বিসিএসের সদস্যদের তথ্যসমৃদ্ধ ডেটাবেজ করা, ফোরআইআর প্রযুক্তির ব্যাপক ব্যবহারের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ব্যাঙ্কুয়েট হলে বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন ছাড়াও আগামী বছরের কর্মপরিকল্পনা জানানো হয় সদস্যদের।
বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সারাদেশে প্রযুক্তি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন। চলতি বছরে নতুন দুটি শাখা চালু করেছি। বর্তমানে বিসিএস ১১টি শাখা এবং সাড়ে তিন হাজারের বেশি সদস্যদের নিয়ে দেশে তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিবান্ধব সরকার এবং আইসিটি খাতে দক্ষ নেতৃত্ব বাংলাদেশকে অনন্য মর্যাদায় উপনীত করেছে। বিসিএস যে কৃতিত্বের অন্যতম দাবিদার।
সংগঠনের মহাসচিব কামরুজ্জামান ভুঁইয়া বলেন, সদস্যদের তথ্য-উপাত্ত, আমদানি-রপ্তানি ছাড়াও বহু তথ্য নিয়ে শক্তিশালী ডেটাবেজ তৈরি করার উদ্যোগ নিয়েছি। বিসিএস সদস্যবান্ধব নিজস্ব ভবন করার পরিকল্পনা করছে। রাজধানীতে নিরবচ্ছিন্ন সেবা দিতে ঢাকা উত্তরে শাখা কার্যালয় করার উদ্যোগ নিয়েছি। তথ্যপ্রযুক্তি ব্যবসা উন্নয়ন এবং সম্প্রসারণে বাজার মনিটরিং সেল গঠন ছাড়াও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম, মোশারফ হোসেন সুমনসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনা ও মতামতের আলোকে বার্ষিক সাধারণ সভার আলোচ্য সব বিষয় অনুমোদিত হয়।
- বিষয় :
- বাংলাদেশ কম্পিউটার সমিতি
