অ্যাপ নিয়ে জটিলতায় নেই সদুত্তর
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৭:২৯
| প্রিন্ট সংস্করণ
কারিগরি বিভ্রাট যেন পিছু ছাড়ছেই না। চলতি মাসের একেবারে শুরু থেকেই বিশ্বসেরা যোগাযোগ অ্যাপ ব্যবহারে কয়েক দফা ভোগান্তির মুখে পড়েছেন গ্রাহক। সপ্তাহের ব্যবধানে তিন দফায় আউটেজ আর ডাউন হলো হোয়াটসঅ্যাপ। সমস্যা নিয়ে টানাপোড়েন চলছেই। এ নিয়ে শোরগোল পড়ে অনেক দেশেই।
কারিগরি যেসব সমস্যা
দক্ষিণ এশিয়া ছাড়াও বিশ্বের অনেক দেশের কয়েক হাজার গ্রাহক এ সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে ছবি, ভিডিও, জিআইএফ, স্টিকার ছাড়াও কয়েক ধরনের মিডিয়া ফাইল বিনিময়ে সমস্যায় পড়েছেন বহু গ্রাহক। অনেকে আবার বলেছেন, সাধারণ টেক্সট মেসেজ আদান-প্রদান করার প্রক্রিয়ায় তেমন কোনো সমস্যা শনাক্ত হয়নি।
গবেষণা সংস্থা যা বলছে
নির্ভরযোগ্য আউটেজ ট্র্যাকিং ও গবেষণা সংস্থা ডাউন ডিটেক্টরের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১০ দিনেই হোয়াটসঅ্যাপ নিয়ে কয়েক দফায়
টানা সমস্যার রিপোর্ট শনাক্ত করা হয়েছে। এতে প্রধান কয়েকটি সমস্যার মধ্যে রয়েছে ৪১ শতাংশ মেসেজিং-বিষয়ক, ৪০ শতাংশ সরাসরি অ্যাপ নিয়ে সমস্যার কথা বলেছেন আর ১৩ শতাংশ রিপোর্টে নোটিফিকেশন সমস্যার কথা
উল্লেখ করেন ভুক্তভোগীরা।
দীর্ঘক্ষণ অপেক্ষা
অনেকের অভিযোগ, চ্যাট অংশে ভিডিও বা ছবি পাঠানোর সময়ে ফাইল আপলোড হতে অনেকটা সময় সুনির্দিষ্ট কারণ ছাড়াই অপেক্ষায় থাকতে হয়েছে। অনেক ক্ষেত্রে মিডিয়া ফাইল বিনিময় প্রক্রিয়া এক অর্থে থমকে গিয়েছিল।
অনেকে এমনও সমস্যা মধ্যে রয়েছেন। চ্যাটে ছবি দৃশ্যমান হলেও তা ঝটপট আপলোড হচ্ছে না। অনেক ক্ষেত্রে আবার ফাইল আপলোড সম্পূর্ণ হচ্ছে না।
বিভ্রাটে মাল্টিমিডিয়া পরিষেবা
অনেকে অভিযোগ করে বলছেন, শুধু ছবি বা ভিডিও নয়; এই অ্যাপের জিআইএফ ও স্টিকার বিনিময়ে সমস্যা প্রকট হয়েছে। ফলে প্রথম
ধাপে ধারণা করা হয়, কারিগরি যে বিভ্রাটটি দৃশ্যমান হয়েছে, তা প্রধানত অ্যাপের মাল্টিমিডিয়া পরিষেবার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ঠিক কী কারণে এই সমস্যা বারবার ফিরে আসছে, সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি মেটা কর্তৃপক্ষ। তবে গবেষণা ও উন্নয়ন বিভাগ একে জটিল সমস্যা হিসেবে বিবেচনা করে এর মানোন্নয়নে কাজ করছে বলে জানানো হয়।
- বিষয় :
- প্রযুক্তি