বিসিএসের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন মারা গেছেন
সাজ্জাদ হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২০ | ০৮:৩০
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার আইসল্যান্ডের রিকজাভিকের একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাজ্জাদ হোসেন ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিসিএসের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন দেশে আইবিএমের (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস) কান্ট্রি ডিরেক্টর হিসেবে ১৯৯০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
জানা গেছে, সাজ্জাদ হোসেনের একমাত্র ছেলে রনি সাজ্জাদ কানাডায় থাকেন। ছেলের সঙ্গে কিছু দিন অবস্থানের জন্য গত ২৫ সেপ্টেম্বর তিনি কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন। যাত্রাকালে বিমানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আইসল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় সেখানে মারা যান তিনি।
সাজ্জাদ হোসের মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, এশিয়ান ওশেনিয়ান কম্পিউটার ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বর্তমান বিসিএস সভাপতি শাহীদ-উল-মুনীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, কম্পিউটারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরার লক্ষ্যে দেশে প্রথম কম্পিউটার মেলা আয়োজনসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে তার অবদান ভুলবার নয়।
আব্দুল্লাহ এইচ কাফি বলেন, তিনি অত্যন্ত মেধাবী এবং সত্যিকার একজন লিডার ছিলেন। তার নেতৃত্বেই দেশের আইসিটি ইন্ডাস্ট্রি বিকাশ লাভ করে।
