ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রশ্ন ফাঁসের গুজবে কেউ কান দেবেন না: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের গুজবে কেউ কান দেবেন না: শিক্ষামন্ত্রী
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:০৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গতবারের মতো এবারের এসএসসি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না। প্রশ্ন ফাঁসের গুজবে কেউ কান দেবেন না। কারণ গুজব ছড়িয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়। এবারের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। 

বুধবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এটি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। 

তিনি বলেন, আজ মেরিন ক্যাডেটদের নেতৃত্ব ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। তারা দেশে-বিদেশে বিভিন্ন জাহাজে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস, এখান থেকে পাস করা ক্যাডেটরা স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের সম্মান রক্ষায় কাজ করবে।

দীপু মনি বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজ পরিচালনায় বিশ্বমানের মেরিন অফিসার তৈরির জাতীয় প্রতিষ্ঠান। শিপিং এবং মেরিটাইম সেক্টরে এ অঞ্চলে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এ প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানরা পড়ালেখায় মনোযোগী আছে কিনা, পরীক্ষার প্রস্তুতি ঠিকভাবে নিচ্ছে কিনা, সেদিকে যত্নবান হোন। অত্যুৎসাহী হয়ে প্রশ্ন ফাঁসের গুজবে নিজেরা যেমন কান দেবেন না; বিষয়টি সন্তানদের সঙ্গেও শেয়ার করবেন না।

এবারের ৫৪তম ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ জন ক্যাডেট দুই বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করেছেন। সর্বক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য সালমান হাসান রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্য নৌ শাখার আবু সালেহ এবং প্রকৌশল শাখার ইকবাল মাহমুদ ইকরা নৌ মন্ত্রণালয়ের রৌপ্য পদক পান। 

অনুষ্ঠানে কৃতী ক্যাডেটদের পদক পরিয়ে দেন শিক্ষামন্ত্রী। এর আগে তিনি ৫৪তম ব্যাচের প্যারেড পরিদর্শন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নৌ সচিব আবদুস সামাদ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্যারেড পরিদর্শন করেন।


আরও পড়ুন

×