সাংবাদিকতা না থাকলে সমাজে সাম্য থাকত না: মেয়র নাছির
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:৩১
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। সাংবাদিকতা না থাকলে সমাজে সাম্য, ভারসাম্য থাকত না। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন ও কৃতী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি নাগরিকদের মধ্যে দেশপ্রেম, মাটি ও মানুষকে ভালোবাসার বোধ তৈরি করতে সাংবাদিকের প্রতি আহ্বান জানান। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রামের সড়কগুলো ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। ১০ টনের উপযোগী সড়কে ৪০-৫০ টনের গাড়িও চলাচল করে। ফলে এসব সড়ক টেকার কথা নয়। এ ধরনের বিষয় সাংবাদিকদের তুলে ধরতে হবে। গভীরে গিয়ে বাস্তবতার নিরিখে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, দেশে দেয়ালের পর দেয়াল। জাতির একমাত্র ভরসা প্রধানমন্ত্রী। দেশে গণমাধ্যমের রমরমা অবস্থা, কিন্তু সাংবাদিকদের বেহাল অবস্থা। এতদিন ইউনিয়ন যে প্রক্রিয়ায় চলেছে সেভাবে চললে হবে না। চাকরির নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। ভাইরাসের মতো পেশাতে অদ্ভুত ঘটনা ঘটে। তাই সর্বজন গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সমাজ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী ও চট্টগ্রাম ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এবার কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা-সাংবাদিক নওশের আলী খান এবং প্রবীণ সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজীকে।
