ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

‘এক নেতা এক নীতির কারণে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে’

‘এক নেতা এক নীতির কারণে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে’
×

মতবিনিময় সভায় কথা বলেন মোহাম্মদ নাসিম- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে বলেই দেশ জঙ্গিমুক্ত হয়েছে, আলোকিত বাংলাদেশ গড়ে উঠেছে। রাস্তা-ঘাট, অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়ন হয়েছে। এক নেতা এক নীতির  কারণে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরে কাজিপুরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মোহাম্মদ নাসিম। কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে নিজ নির্বাচনী এলাকার নানা সমস্যা, সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়ে জাতি গর্বিত। মুজিব জন্মশতবাষির্কী অনেকের জীবনে আর কোন দিন আসেনি, আর আসবেও না। মুজিব জন্মশতবার্ষিকীর ক্ষগণনা শুরু হয়েছে। গোটা জাতি ১৭ মার্চ থেকে জন্মশতবার্ষিকীর নানা কর্মসূচি পালনের প্রস্তুতি হাতে নিয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় অনেক চরাই-উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সরকার ১২ বছর দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছে। এর অংশীদার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও। এটি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, কাজিপুর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন

×