ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বাড়ি ভাড়া না দেওয়ায় যুবককে হত্যা

বাড়ি ভাড়া  না দেওয়ায় যুবককে হত্যা
×

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ৩ হাজার টাকা বাড়ি ভাড়া না দেওয়ায় আব্দুল কালাম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

মারধরের পর কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকালে মারা যান তিনি।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ি ভাড়ার টাকা পরিশোধ না করার কারণে গত ৫ ফেব্রুয়ারি রাতে স্থানীয় রহিম টেক্সটাইলের পাশে বাড়িওয়ালা আলাউদ্দিনের ছেলে জুয়েল সিকদার, সোলেমান ও মজনু নামের তিনজন কালামকে (৩৫) লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। কালাম হাত-পা ধরে অনুনয়-বিনয় করলেও তারা করুণা দেখায়নি। পরে কালাম অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে ময়লার একটি স্তূপের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন দুপুরের দিকে কালামের জ্ঞান ফিরলে পথচারীরা তার পরিবারকে খবর দেয়। পরে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ফেব্রুয়ারি চিকিৎসকরা কালামকে বাড়ি পাঠিয়ে দেন। 

সোমবার তিনি মারা যান। কালাম ছিলেন ট্রাকচালক। 

খবর পেয়ে কালিয়াকৈর-শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ, ওসি আলমগীর হোসেন মজুমদার নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। এ ঘটনার পর পর বাড়িওয়ালার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

কালামের বাবা আব্দুল খালেক জানান, গত ১০ ফেব্রুয়ারি তিনি কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। গাজীপুরের সহকারী পুলিশ সুপার আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×