ধর্ষণের পর সাত বছরের শিশুকে হত্যার অভিযোগ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার চরবাগডাঙ্গার একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির বাবা জানান, সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলো তার মেয়ে। পরে এলাকায় ও প্রতিবেশীদের কাছে খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়ার পাশাপাশি মসজিদে মাইকিং করা হয়। রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় স্থানীয়রা তার মেয়ের মরদেহ নগ্ন অবস্থায় দেখে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
শিশুটির বাবার দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান পিপিএম জানান, ময়নাতদন্তের পর শিশুটির হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- শিশু ধর্ষণ
