কিশোরগঞ্জে ২ পলিথিন ব্যবসায়ীর জেল-জরিমানা
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩১
কিশোরগঞ্জে অবৈধ পলিথিন রাখার দায়ে মো. মজিবুর রহমান (৪৫) ও শফিকুল ইসলাম জনি (২৮) নামে দুই ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে মজিবুরকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড এবং জনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বড়বাজারে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র এডি) চন্দন দেবনাথ, জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও উম্মে হাফ্সা নাদিয়া এবং পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আবু সাঈদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনশ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
কারাদণ্ডে দণ্ডিত মো. মজিবুর রহমান শহরের বত্রিশ এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং অর্থদণ্ডে দণ্ডিত শফিকুল ইসলাম জনি কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
র্যাব-১৪-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার এলাকার মো. মজিবুর রহমান ও শফিকুল ইসলাম জনির ডিপার্টমেন্টাল স্টোরে তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইটি দোকান থেকে তিনশ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা করা হয়।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পলিথিন
- জেল-জরিমানা
