চাঁদাবাজির মামলায় রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার কলেজ ছাত্রলীগ নেতা নাঈম
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৯
রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈমকে চাঁদা আদায় ও কোচিং সেন্টারের চেয়ার-টেবিল লুট করে নিয়ে যাওয়ার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার সহযোগী আসাদ ওরফে ডিজে আসাদকেও কাদিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রোববার রাতে বোয়ালিয়া থানায় নাঈমের বিরুদ্ধে এজাহার দাখিল করেন ইউনিক কেয়ার কোচিংয়ের পরিচালক রায়হান হোসেন। অভিযোগে বলা হয়, নাঈম এবং তার সহযোগী আসাদ ও মারুফসহ বেশ কয়েকজন ইউনিক কেয়ার কোচিংয়ের পরিচালক রায়হান ও ফিজিক্স কোচিংয়ের পরিচালক নুরুল ইসলামের কাছ থেকে প্রায়ই চাঁদা নিত। রোববার রাতে তারা আবারও চাঁদা নিতে যায়। এ সময় তারা ১০ হাজার টাকা চাঁদা চাইলে তাদের ৩ হাজার টাকা দেওয়া হয়। চাঁদার পরিমাণ কম হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে কোচিং সেন্টারে ভাঙচুর চালায়। এ সময় তারা ১০টি চেয়ার-টেবিল নিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় চাঁদা আদায়, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ছাত্রলীগ নেতা
- গ্রেপ্তার
- রাজশাহী কলেজ
