চিলমারীতে সুহৃদ সমাবেশের উদ্যোগে কবিতা আবৃত্তি ও নৃত্য কর্মশালা
সুহৃদ সমাবেশের উদ্যোগে নৃত্যের উপর কর্মশালা- সমকাল
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২৯
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং উপজেলা পরিষদ, শিল্পকলা একাডেমি ও নিবেদিতার সহযোগিতায় পৃথক দুটি ভেন্যুতে দিনব্যাপী শুদ্ধ বাংলা উচ্চারণ শেখা, কবিতা আবৃত্তি এবং নৃত্যের উপর কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কবিতা, নাটক, বিতর্ক, গান ও নৃত্য কর্মশালার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে কবিতা আবৃত্তি ও নৃত্যের উপর কর্মশালা হচ্ছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে শুদ্ধ উচ্চারণ ও কবিতা আবৃত্তির উপর প্রশিক্ষণ দিচ্ছেন কুড়িগ্রামের বিশিষ্ট আবৃত্তিশিল্পী জ্যোতি আহমেদ। অপরদিকে চিলমারী শিল্পকলা একাডেমিতে নৃত্যের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন কুড়িগ্রামের বিশিষ্ট নৃত্যশিল্পী বাবলা মোহন্ত। নৃত্য কর্মশালায় ২০ জন এবং কবিতা আবৃত্তি কর্মশালায় মোট ৪৫ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে।
এ সময় সুহৃদ সমাবেশের চিলমারী শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, চিলমারী শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আমিনুল ইসলাম, চিলমারী সুহৃদ সদস্য মিলন চন্দ্র বম্মর্মণ ,সুহৃদ চিলমারী শাখার প্রধান উপদেষ্টা ও সমকাল চিলমারী প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ উপস্থিত রয়েছেন।

- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- কবিতা আবৃত্তি
