রাজশাহী বার নির্বাচনে ভরাডুবি আওয়ামীপন্থিদের
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৬
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ পদে জয় পেয়েছেন বিএনপিপন্থিরা। মাত্র পাঁচটিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থিরা।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় এক নম্বর নতুন বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়। ৬০৩ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫৫ জন। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম ফল ঘোষণা করেন।
এবার নির্বাচনে ২১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪২ জন অংশ নেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগপন্থি) ব্যানারে আবু বাকার-বজলে তৌহিদ আল হাসান বাবলা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (বিএনপিপন্থি) মোজাম্মেল হক-পারভেজ তৌফিক জাহেদী প্যানেল নির্বাচনে অংশ নেয়।
নির্বাচিত বিএনপিপন্থী আইনজীবীরা হলেন- সহসভাপতি পদে মিজানুর রহমান ও মাহাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইতি, হিসাব সম্পাদক সেলিম রেজা মামুন, লাইব্রেরি সম্পাদক রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট আজিমুসান উজ্জল, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার রজব আলী।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইরশাদ আলী ইসা, আবতাবুর রহামন, মোজাম্মেল হক, রাকিবুল ইসলাম রাকিব, সিফাত জেরিন তুলি, সেকেন্দার আলী ও আব্দুল বারি। অন্যদিকে আওয়ামী লীগপন্থি প্যানেল থেকে সহসভাপতি পদে অশিত কুমার শান্যাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেমান আলী, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন হাসিবুল ইসলাম কচি এবং সদস্য পদে আহসান হাবিব রঞ্জু ও সোমা খাতুন নির্বাচিত হয়েছেন।
এর আগে গত দুই বছরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছিল আওয়ামী লীগপন্থিরা। এর মধ্যে ২০১৮ সালে ১৮ পদে এবং ২০১৯ সালে ২০ পদে জয় পায় আওয়ামীপন্থি প্যানেল।
