কোয়ারেন্টাইনে থাকার কথা যার, রাস্তায় দাঁড়িয়ে গল্প চলছিল তার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ২২:২১ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ২২:২৯
নোয়াখালীর বেগমগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মেনে রাস্তায় দাঁড়িয়ে গল্প করার সময় এক প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান ইতালিফেরত ওই ব্যক্তিকে এ দণ্ড দেন।
জানা গেছে, সম্প্রতি ইতালি থেকে ফেরেন ওই ব্যক্তি। হোম কোয়ারেন্টাইনে না থেকে সর্বসাধারণের জীবন ঝুঁকিতে ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি।
স্থানীয়রা নিষেধ করা সত্ত্বেও ওই ব্যক্তি বাইরে ঘোরা ফেরা করছেন- এমন সংবাদে রাতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ির সামনে গিয়ে দেখা যায়- তিনি পরিবারের লোকজনের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছেন। জিজ্ঞাসাবাদ করা হলে ইতালি প্রবাস জানান, নিয়ম অনুযায়ী বিমানবন্দর থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সরকারি নির্দেশ না মানায় ভ্রাম্যমাণ আদালত এ সময় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধও করেন তিনি।
- বিষয় :
- করোনাভাইরাস
- নোয়াখালী
