ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থানের পর ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লেনদেন

গণঅভ্যুত্থানের পর ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লেনদেন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। টানা ষষ্ঠ দিনে গতকাল মঙ্গলবার তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে করে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৫৭৬২ পয়েন্ট ছাড়িয়েছে, যা ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরের পর বা পৌনে ২ বছরের সর্বোচ্চ।

শেয়ারদর বাড়তে থাকায় নতুন করে বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন। ফলে লেনদেনও বাড়ছে। গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। এ লেনদেন ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তৃতীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ লেনদেন (২ হাজার ১০ কোটি টাকা) হয়েছিল ওই বছরের ১১ আগস্ট। আর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছিল একই বছরের ৮ আগস্ট (১ হাজার ৬০৬ কোটি টাকা)।

বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানান, বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শেয়ারবাজার নিয়ে আশাবাদ সৃষ্টি হতে দেখছেন। নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা ফের বাজারে ফিরছেন। শেয়ারবাজার নিয়ে বর্তমান সরকারের ইতিবাচক মনোভাবই বিনিয়োগকারীদের ফের বাজারে টেনে আনছে বলে মনে করেন তারা।
তারা জানান, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পরিষ্কার করেছিলেন, তাঁর সরকার শেয়ারবাজারকে ব্যবহার করে অর্থনীতি গড়তে চায়। বাজেট পাসের সময়ও তিনি বিনিয়োগকারীদের চাহিদা মেনে কিছু পরিবর্তন এনেছেন। বিশেষত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধনি মুনাফায় করহার বাড়ানোর প্রস্তাব ফিরিয়ে নিয়েছেন। এ পদক্ষেপ বিনিয়োগকারীরা পছন্দ করেছেন।
গতকালের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, প্রায় সব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। গড়ে ২ শতাংশ হারে দর বেড়েছে প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতের। এক্ষেত্রে দেড় শতাংশের বেশি দরবৃদ্ধি নিয়ে বস্ত্র খাত তৃতীয় অবস্থানে থাকলেও লেনদেনে ছিল শীর্ষে।

আরও পড়ুন

×