গোপালগঞ্জে কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৫:২৪ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৫:২৯
গোপালগঞ্জের কাশিয়ানীতে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির আহমেদ এ জরিমানা করেন। এদের এক জনের বাড়ি কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতৈল ও অপর জনের বাড়ি একই উপজেলার পারকরফা গ্রামে। তারা ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হলেও ওই দুই প্রবাসী নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। এ কারণে দুইজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবেন বলে অঙ্গীকার করেন।
গোপালগঞ্জে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, আগামী ১৫ দিন প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করতে হবে। এতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে আসবে।
- বিষয় :
- সারাদেশ
- কোয়ারেন্টাইন
