ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পীরগঞ্জে হোটেল-রেস্তোরা-চায়ের দোকান বন্ধের নির্দেশ

পীরগঞ্জে হোটেল-রেস্তোরা-চায়ের দোকান বন্ধের নির্দেশ
×

সংগৃহীত ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৯:১৯

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার অধীনে সকল প্রকার হাট-বাজার ও রাস্তার মোড়সহ শহরের আনাচে-কানাচে গড়ে উঠা সকল প্রকার খাবারের হোটেল, রেস্তোরা ও চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে ওই নির্দেশ কার্যকর করা হবে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের উপজেলা কমিটির এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের সভাপতিত্বে ওই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রওশন আরা আলম রীনা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, ওসি তদন্ত মাসুমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন। 

সভায় জনসমাবেশ রোধে বিয়ে-সাদী, ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠান যেখানে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান পরিহারের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ইউএনওর নেতৃত্বে কমিটির সদস্যরা উপজেলা সদরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে হোটেল-রোস্তোরা, চায়ের দোকানগুলো শুক্রবার থেকে বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দেন। 

উপজেলা সদরের ক্যাফে অনন্যার প্রোপাইটার পলাশ মিয়া জানান, ইউএনও হোটেলে কাল (শুক্রবার) থেকে হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন জানান, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার আগেই আমরা জনগণকে সচেতন করতে উপজেলার সকল পর্যায়ের প্রতিনিধির সমন্বয়ে সভা করে করোনা প্রতিরোধ কমিটি গঠন করেছি। পাশাপাশি এই ভাইরাস প্রতিরোধে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠানগুলোও পরিহার করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছি। এতে সর্বস্তরেরর পেশাজীবিদের সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন। এটা আমাদের জাতীয় স্বার্থেই করা হচ্ছে।

আরও পড়ুন

×