ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজনীতি দিয়ে উপার্জনের চিন্তা আমার নেই: মাশরাফি

রাজনীতি দিয়ে উপার্জনের চিন্তা আমার নেই: মাশরাফি
×

ফাইল ছবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৯:২৬

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বলেছেন, রাজনীতি আমার পেশা নয়। রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবা করার জন্য, উপকারের জন্য। আমার পেশা খেলা, রাজনীতি নেশা। খেলা শেষে ব্যবসা করব। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তা আমার নেই। 

নড়াইলের লোহাগড়ায় বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রায় চার ঘণ্টা ধরে তৃণমূল নেতাদের বিভিন্ন সমস্যার কথা শোনার পর রাত সাড়ে নয়টায় মাশরাফি তার বক্তব্যে বলেন, অনেকেই বলছেন খেলা ছাড়ছি না, এলাকায় থাকছি না। আপনারা কি এলাকার  উন্নয়ন চান? আমি এলাকার উন্নয়ন নিয়ে দৌড়াচ্ছি। উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করা হচ্ছে। এগুলোর কাজ দ্রুত শুরু হবে। 

তিনি আরো বলেন, রাজনীতিতে আমার নিজস্ব লোক নেই, সবাই আমার আপন। যে কেউ আমার কাছে সরাসরি আসবেন, সমস্যার কথা বলবেন, দেখবেন ব্যবস্থা হবে। আমার কোনো ভুল থাকলে সরাসরি বলবেন, শুধরে দেবেন। 

মাদকের বিষয়ে মাশরাফি বলেন, মাদকের সঙ্গে জড়িতরা কি রাজনীতিকদের চেয়েও শক্তিশালী। সমাজের মানুষই তো মাদকের সঙ্গে জড়িত। তাদের ধরে কেন পুলিশে দিচ্ছেন না?

মতবিনিমিয় সভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান প্রমুখ। 


আরও পড়ুন

×