কটিয়াদীতে ভুয়া ম্যাজিস্ট্রেটের ফামের্সিতে অভিযান
ভুয়া ম্যাজিস্ট্রেটের অভিযান- সমকাল
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ২৩:৩০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ২৩:৩৪
কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে একটি ফামের্সিতে ভুয়া ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকার অভিযোগে টাকা দাবি করলে স্থানীয় জনতা আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ইসরাইল মিয়ার ওষুধের দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে সাবরিনা সুলতানা এ্যানি ও তার সহযোগী এইচ এম আব্বাস (৩০) ও শাজিদুল হক (৩০)অভিযানের নামে টাকা দাবি করলে এলাকাবাসী তাদের আটক করে।
এ্যানির বাড়ি ঢাকার উত্তর বাড্ডায়, তার স্বামী চয়ন মিয়া। বাকী দুইজনের বাড়ি কটিয়াদী উপজেলায়।
কটিয়াদী থানার এস আই মনির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।
কটিয়াদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাত ১২ টার পর ইসরাইল মিয়া বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী শরীফ বলেন, তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা প্রতারণা করতে এই এলাকায় আসেন।
তিনি প্রতারকদের বিষয়ে জনগণকে সজাগ থাকার আহবান জানান।
- বিষয় :
- ভুয়া ম্যজিস্ট্রেট
- ফার্মেসি
- ওষুধ
